হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা: চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পুলিশ কর্মকর্তারা হলেন রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, এসআই নাসের আলী ও সার্জেন্ট আনোয়ার হোসেন। গত ১৯ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। ঢাকা মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার আজ বুধবার সিআইডির প্রতিবেদন গ্রহণ করে ওই আদেশ দেন।উল্লেখ্য, হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভূঁইয়া ওরফে বোমা আব্বাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে আবু আব্বাস ভূঁইয়া মামলা করেন। মামলায় তিনি তাঁকে রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন।