হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।আজ সোমবার অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এই দিন ধার্য করেন। আজ আসামিদের পক্ষে জামিন ও মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করা হলে আদালত তা নাকচ করেন। আসামিরা হলেন: মিজানুর রহমান ওরফে মিনহাজ, নূর মোহাম্মদ ওরফে শামীম ওরফে সাফু, আনোয়ার আলম, জঙ্গি নেতা সালেহীন ওরফে সালাউদ্দিন ও হাফিজ মাহমুদ। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ ওরফে সাফু পলাতক। গত ২৪ জুলাই এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে আসামি হাজির না করায় আদালত ১০ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেন। হুমায়ুন আজাদকে হত্যার অভিযোগে ও বিস্ফোরক দ্রব্য আইনে গত ১৩ মে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। এর আগে এ মামলায় হত্যাচেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার বাদী হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির তা প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের আবেদন করেন। ২০১০ সালের ২০ অক্টোবর হত্যাচেষ্টা মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। সিআইডি অধিকতর তদন্ত শেষে হত্যার অভিযোগে সম্পূরক অভিযোগপত্র দেয়। এতে নতুন করে আরও দুজনকে আসামি করা হয়। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর সামনে দুর্বৃত্তরা হুমায়ুন আজাদের ওপর আক্রমণ চালায় এবং তাঁকে হত্যার চেষ্টা করে। তিনি বিদেশে উন্নত চিকিত্সা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১১ আগস্ট জার্মানিতে মারা যান।২০০৭ সালের ১৪ নভেম্বর সিআইডির পরিদর্শক কাজী আবদুল মালেক জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান ও আতাউর রহমানের ফাঁসি কার্যকর হওয়ায় অভিযোগ থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।