হুমায়ুন আজাদ হত্যা মামলায় পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।গতকাল সোমবার অভিযোগ গঠনের পর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আগামী ১৬ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।অভিযুক্ত পাঁচ আসামি হলেন: নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাউদ্দিন ওরফে সালেহীন, হাফিজ মাহমুদ, মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ার আলম ও নূর মোহাম্মদ ওরফে শামীম ওরফে সাফু। এঁদের মধ্যে নূর মোহাম্মদ পলাতক। গ্রেপ্তার থাকা বাকি চারজন আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়। এর মধ্যে মিনহাজ আদালতকে বলেন, একজন হাকিম খাসকামরায় ডেকে নিয়ে একটি ফরমে তাঁদের সই-স্বাক্ষর নেন। যা পরে এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে দেখানো হয়েছে।এ সময় বিচারক আসামি মিনহাজকে বলেন, ‘আপনি হাকিমের কাছে স্বীকার করেছেন, পাকিস্তানে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। খালেদ সাইফুল্লাহকে চেনেন?’জবাবে মিনহাজ বলেন, ‘আমি ওই জবানবন্দি প্রত্যাহার করতে চাই। আমি এ মামলার কথিত ঘটনা সম্পর্কে হাকিমের কাছে কিছু বলি নাই।’আসামিরা আদালতকে বলেন, তদন্ত কর্মকর্তা তাঁদেরকে চাপ প্রয়োগ করে দেলোয়ার হোসেন সাঈদীর নাম বলানোর চেষ্টা করেছেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম। এ মামলায় প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার বাদী হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির তা প্রত্যাখ্যান করেন। এরপর ২০১০ সালের ২০ অক্টোবর অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। গত ১৩ মে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে নতুন আরও দুজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর সামনে দুর্বৃত্তরা হুমায়ুন আজাদের ওপর আক্রমণ চালায় এবং তাঁকে হত্যার চেষ্টা করে। তিনি বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১১ আগস্ট জার্মানিতে মারা যান।২০০৭ সালের ১৪ নভেম্বর সিআইডির পরিদর্শক কাজী আবদুল মালেক জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান ও আতাউর রহমানের ফাঁসি কার্যকর হওয়ায় অভিযোগ থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।