হুমায়ুন আজাদ হত্যার বিচার চাইলেন মেয়ে মৌলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় তাঁর মেয়ে মৌলি আজাদসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া সাক্ষ্য গ্রহণ করেন। আদালতে হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ সাক্ষ্য দিয়ে বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন। আজ আরও সাক্ষ্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শরিফুল ইসলাম হাসান। বর্তমানে তিনি ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক। আজ পর্যন্ত এ মামলায় ১৫ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমী থেকে ফেরার পথে অধ্যাপক হুমায়ুন আজাদকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শরিফুল ইসলাম আদালতে বলেন, ওই ঘটনার সময়ে তিনি ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছিলেন। এ সময় বাংলা একাডেমীর দিকে একটি বিস্ফোরণের মতো শব্দ শুনে এগিয়ে যান। তখন দেখেন একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখেন হুমায়ূন আজাদ, তাঁর পুরো মুখে ক্ষত। এরপর তিনি একটি রিকশায় ও পরে একটি প্রাইভেট কারের চালককে অনুরোধ করেন। কিন্তু কেউ নিতে রাজি হয়নি। অতঃপর একটি পুলিশের গাড়িতে করে তিনি হুমায়ুন আজাদকে হাসপাতালে নেন।দুই সাক্ষী সাক্ষ্য দেওয়ার সময় এ মামলায় কারাগারে আটক চার আসামি জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান, আনোয়ার আলম, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও হাফিজ মাহমুদকে আদালতে হাজির ছিলেন। তবে আসামি নুর মোহাম্মদ ওরফে সাবু পলাতক।২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি হুমায়ুন আজাদ রাত নয়টায় বাংলা একাডেমী থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় এ মামলা করেন। বিদেশে উন্নত চিকিত্সা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১১ আগস্ট জার্মানিতে তিনি মারা যান।