হুমায়ুন ফরীদি স্মরণে ‘তুমি রবে নীরবে’
বাংলাদেশের মঞ্চ-টিভি-চলচ্চিত্রের অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরীদি স্মরণে ‘তুমি রবে নীরবে’ নামের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রয়াত এই অভিনেতাকে নিয়ে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে বুধবার ১৪ মার্চ এই স্মরণসভার আয়োজন করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ অনুষ্ঠানে ফরীদিকে স্মরণ করবেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, সাংবাদিকসহ বিভিন্ন মাধ্যমের ব্যক্তিরা।টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘তুমি রবে নীরবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা হুমায়ুন ফরীদিকে স্মরণ করব, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব।’হুমায়ুন ফরীদি স্মরণে আয়োজিত ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠানের আহ্বায়ক ও নির্মাতা মোহন খান জানিয়েছেন, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে হুমায়ুন ফরীদি এক অন্য মাত্রা যোগ করেছেন।মোহন খান বলেন, ‘ফরীদির সঙ্গে যাঁরা সম্পৃক্ত ছিলেন, আমরা তাঁদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এমনকি যারা হুমায়ুন ফরীদির সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে জড়িত ছিলেন, তাঁদের সবাইকেও আমন্ত্রণ জানিয়েছি। একজন শিল্পী যে কখনো হারিয়ে যান না, সেটাই আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে বলতে চাই।’মোহন খান আরও জানান, স্মরণসভা উপলক্ষে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি স্মরণিকা প্রকাশ করবে।ছায়ানট সংস্কৃতি ভবনে হুমায়ুন ফরীদি স্মরণে অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়।জানা গেছে, ২০১১ সালে হুমায়ুন ফরীদির ষাটতম জন্মদিন উপলক্ষে তৈরি করা হয়েছিল একটি তথ্যচিত্র। তুমি রবে নীরবে স্মরণসভায় এ তথ্যচিত্রটি আবারও প্রদর্শিত হবে।উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ধানমন্ডির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন হুমায়ুন ফরীদি।