হুমায়ুন ফরীদির নামে স্মারক ডাকটিকিট প্রকাশের আহ্বান
হুমায়ুন ফরীদির নামে স্মারক ডাকটিকিট প্রকাশের আহ্বান জানিয়েছেন তাঁর অনেক দিনের সহকর্মী জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই নাট্যব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর জন্য রাষ্ট্র ও সরকার যথাযথ ব্যবস্থা নেবে।’ জাহিদ হাসান বলেন, ‘হুমায়ুন ফরীদির মৃত্যুর পর তাঁকে নিয়ে বিভিন্নজন সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, হুমায়ুন ফরীদি নিঃসঙ্গ ছিলেন, তাঁকে দেখার কেউ ছিল না। কিন্তু তাঁর মৃত্যুর পর গত কয়েক দিনে তো অনেককে দেখেছি। তাঁরা যদি একটু একটু করে হুমায়ুন ফরীদিকে দেখতে আসতেন, তাঁর খোঁজখবর নিতেন, তাহলেই তো তিনি নিঃসঙ্গ থাকতেন না। এসব মন্তব্য তাঁর পরিবারকে কষ্ট দিচ্ছে। মঙ্গলবার সকালেও যাঁদের দেখেছি, বিকেলে হুমায়ুন ফরীদিকে দাফনের সময় তাঁদের অনেককেই আর পাইনি।’ জাহিদ হাসান পরিচালিত সর্বশেষ ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলেতে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। জাহিদ বলেন, ‘আমার সব নাটকেই তিনি অভিনয় করেছেন।’