হুমায়ুন ফরীদির বাসা থেকে...
সকাল সোয়া ১০টায় সহকর্মীর মাধ্যমে হুমায়ুন ফরীদির মৃত্যুর খবরটা প্রথম শুনতে পাই। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তারপর বিভিন্ন জায়গায় ফোন করি। কয়েক মিনিটের মধ্যেই হুমায়ুন ফরীদির দীর্ঘদিনের সহকর্মী শাহীনের মুঠোফোনে কল করে মৃত্যুর খবরটি নিশ্চিত হই। এরপর রওনা দিই শক্তিমান এই অভিনেতার ধানমন্ডির বাসার দিকে। বাসায় ঢুকতেই বিশাল জটলা চোখে পড়ে। ভিড় ঠেলে দোতলার সিঁড়ি বেয়ে রুমে ঢুকতেই দেখা হয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের সঙ্গে। এদিক-সেদিক পায়চারি করছেন অভিনেতা আহসানুল হক মিনু। শোবার ঘরে ঢুকতেই দেখা গেল আরও অনেককেই। হানিফ সংকেত বলেন, কীভাবে কী হলো বুঝতে পারলাম না। হুমায়ুন ফরিদী আমার অনেক কাছের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে অভিনয় জগতের অনেক ক্ষতি হয়ে গেছে।শোবার ঘরের এক কোণে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে বাবার মরদেহের দিকে তাকিয়েছিলেন মেয়ে দেবযানী। একমাত্র মেয়ে দেবযানী বাবার মৃত্যুতে কোনো কথাই বলতে পারছিলেন না। কিছুক্ষণ পরপরই রুমের এদিক-সেদিক তাকাচ্ছিলেন। যেন দেয়ালের ছবিগুলো থেকে শুরু করে হুমায়ুন ফরীদির নিত্যব্যবহার্য সামগ্রী চশমা, জামা সবকিছুতে করুণ দৃষ্টি মেলে প্রিয় বাবাকে খুঁজছিলেন। একপর্যায়ে আসেন দেবযানীর মা। মাকে পেয়ে বোবা কান্না পেয়ে বসে দেবযানীকে। এরই মধ্যে দেখা হয় হুমায়ুন ফরীদির ব্যক্তিগত সহকারী শাহীনের সঙ্গে। কান্নাজনিত কণ্ঠে তিনি জানান, স্যার গতকাল রাতেই ফোন করে আমার কাছে মাগুর মাছ খেতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হলো না। স্যার আমাকে একা করে দিলেন।শহীদুজ্জামান সেলিম বলেন, ‘একজন অভিনেতার সংজ্ঞা বলতে যা বোঝায়, তা-ই ছিলেন হুমায়ুন ফরীদি। এমন শিল্পী আর পাব না আমরা। অনেক দিনের সম্পর্ক ছিল তাঁর সঙ্গে।’হুমায়ুন ফরিদীর ছোট বোন পিনু বলেন, ‘ভাইয়ার সাথে আর শেষ দেখা হলো না।’ একপর্যায়ে দেখা হয় হুমায়ূন ফরীদির দুই বাল্যবন্ধুর সঙ্গে। তাঁদের দুজনই থাকেন দেশের বাইরে। একজন সুইডেন ও অন্যজন থাকে যুক্তরাজ্যে। কিছুদিন আগেই তাঁরা দেশে এসেছেন। তাঁরা হলেন রহমান আর জিলানী ও দলিলুর রহমান মানিক। তাঁরা দুজনই একসঙ্গে জানালেন, ‘আজ সোমবার সন্ধ্যায় আমাদের একসঙ্গে আড্ডা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। হুমায়ূন যে কতটা বন্ধুবত্সল ছিলেন, তা আসলে যারা তাঁর সঙ্গে মেশেনি, তাঁরা বলতে পারবেন না।’ জিলানী বললেন, ‘হুমায়ুন কখনো আমার কাছে সেভাবে কিছুই চায়নি। কিন্তু এবার দেশে আসার আগে সে আমার কাছে একটি কালো রংয়ের শার্ট চেয়েছিল। আমি কিন্তু ঠিকই বন্ধুর জন্য শার্ট নিয়ে এসেছিলাম। আজ সন্ধ্যায় এ শার্টটি তাঁকে দেওয়ার কথা ছিল। কিন্তু সে সুযোগ আমাকে সে আর দিল না।’সময় বাড়তে থাকে। ধানমন্ডির ১০/এ রোডের ৭২ নম্বর বাড়িটি ভরে যায় মিডিয়ার মানুষদের ভিড়ে। বাইরের মানুষও ভিড় করেন প্রচুর। দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটটিতেই থাকতেন হুমায়ুন ফরীদি। যাঁরা কোনো দিনও এই বাড়িতে ঢোকেননি, তাঁরাও আজ এসেছিলেন।আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, রোকেয়া রফিক বেবী, ইনামুল হক, লিটু আনাম, বন্যা মির্জা প্রমুখ শিল্পী হুমায়ুন ফরিদীর শোবার ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন।হুমায়ুন ফরিদীর মৃত্যুসংবাদ শুনে ছুটে আসেন বিভিন্ন গণমাধ্যমের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তি থেকে শুরু করে অভিনয় জগতের প্রায় সবাই। এসেছিলেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফাও। তবে অনেক দেরি করে। আর তাই শেষ দেখাটা হলো না ফরীদির সঙ্গে। ততক্ষণে ফরীদির মরদেহ বহনকারী গাড়িটি রওনা দিয়েছে রামপুরায় বিটিভি কার্যালয়ের উদ্দেশে। সেখানে জানাজা শেষে হুমায়ুন ফরীদির লাশ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। এরপর এফডিসিতে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পকলা একাডেমীতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে হুমায়ুন ফরীদির মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল সকাল ১০টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।