হুমায়ূন আহমেদের ঈদের নাটক
আশির দশকের মাঝামাঝি সময়ের কথা। একদিন হঠাৎ করে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়। নন্দিত নরকে উপন্যাস প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যে তাঁর পাঠকসমাজে লেখক হিসেবে পরিচিতি ঘটেছে। কথা প্রসঙ্গে আমি তাঁকে আমার জন্য একটি নাটক লিখতে বললাম। হুমায়ূন বললেন, ‘আমি উপন্যাস লিখি, নাটক লিখতে পারব না।’আমি বললাম, ‘কেন পারবেন না? আপনার উপন্যাসের চমৎকার বিন্যাস, চরিত্র চিত্রন, বিভিন্ন চরিত্রের মাধ্যমে হূদয়ছোঁয়া সংলাপ পাঠকের অন্তর স্পর্শ করে। নাটকের চরিত্রগুলোও একটি কাহিনি অবলম্বন করে সুন্দরভাবে নিজেদের দর্শকদের সামনে তুলে ধরে। আপনি পারবেন।’হুমায়ূন একটু ভেবে বললেন, ‘আমার একটি রঙিন টেলিভিশন কেনা দরকার। আচ্ছা ঠিক আছে।’ আমার কাছ থেকে সময় নিয়ে চার-পাঁচ দিন পর একটি নাটকের পাণ্ডুলিপি নিয়ে এলেন। নাটকটি পড়ে তাঁকে আমার মন্তব্য জানানোর জন্য তিন দিন পর আসতে বললাম। তিনি তিন দিন পরে এলেন। নাটকটি ছিল পারিবারিক আবহে একজন তরুণী গৃহিণীর ব্যক্তিত্বের সংঘাত। আমার ভালো লাগল। তাঁকে বললাম, ‘নাটকটির ঘটনা ধারাবাহিকভাবে করা যেতে পারে। এই নাটকটির একটি ধারাবাহিক নাটক হওয়ার সম্ভাবনা আছে।’হুমায়ূন বললেন, ‘আপাতত এই একটি নাটকই থাক। পরে দর্শক পছন্দ করলে দেখা যাবে।’ আমি বললাম, ‘আপনার গল্পের গাঁথুনি এত চমৎকার, চরিত্রগুলো এত জীবন্ত, ধারাবাহিক নাটক লিখতে আপনি অবশ্যই পারবেন।’ হুমায়ূন আহমেদ আমার কাছ থেকে এক সপ্তাহ সময় নিয়ে ঠিক সাত দিনের দিন আরও দুটি পর্ব লিখে আনলেন। দেখলাম তাঁর গল্প টেনে নিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা। সৃষ্টি হলো অনন্যসাধারণ ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। এখান থেকেই তাঁর নাটক লেখার শুরু। প্রতি পর্ব এক ঘণ্টা ব্যাপ্তিকালের এই ধারাবাহিক নাটকটি প্রায় এক বছর ধরে চলে। যারা সেই সময়ের দর্শক, তাদের নিশ্চয়ই মনে আছে অভিনেতা আবুল খায়েরের ‘সুখী নীলগঞ্জ প্রজেক্ট’ এবং ছোট্ট টুনির ক্যানসারে মৃত্যু নিয়ে পত্রিকায় লেখালেখি।নাটকটির সাফল্যের পর হুমায়ূন আহমেদ প্রায়ই আমার আজিমপুর কলোনির বাসায় নাটক বিষয়ে আড্ডা দিতে চলে আসতেন। মাঝে মাঝে সঙ্গে থাকতেন ইমদাদুল হক মিলন। এমনি এক দুপুরে তিনি আমার বাসায় এলে আমি তাঁকে রমজানের ঈদ উপলক্ষে একটি নাটক দেওয়ার জন্য অনুরোধ করি। তিনি একটি নাটক লিখলেন। নাম একদিন হঠাৎ। নাটকটির নায়ক আমার ছোট ছেলে অভী, যাকে নাটক-পরবর্তী সময়ে হুমায়ূন নাটকের চরিত্রের নাম ‘কাজল’ বলে ডাকতেন। আজও নাটকটি মাঝে মাঝে বিটিভির আর্কাইভ থেকে পুনঃপ্রচার করা হয়। চার বছরের একটি শিশুকে বাড়ির গৃহশিক্ষক হুমায়ুন ফরিদী মিরপুর চিড়িয়াখানায় ফেলে রেখে আসেন। গৃহশিক্ষক শিশুটিকে এমনভাবে শিক্ষা দেন যে শিশুটি নিজে নিজেই বাড়ি ফিরতে পারবে। এদিকে শিশুটির পিতা-মাতা থানা পুলিশ খবর দেওয়া ছাড়াও গৃহশিক্ষককে আটকে রাখেন। পরবর্তী সময়ে শিশুটি পথ চিনে বাড়িতে পৌঁছালে নাটকের একটি সুন্দর সমাপ্তি ঘটে। এরই সিক্যুয়াল হিসেবে পরের ঈদে আরও একটি নাটক আমি পরিচালনা করি। নাম যার যা পছন্দ। এই নাটকে গৃহশিক্ষক হুমায়ুন ফরিদী শিশুটিকে এমন শিক্ষা দেন যে বাড়িতে যদি আগুন লাগে তা হলে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়াসহ কীভাবে আগুন নেভাতে হবে। একদিন শিশুটি সত্যি সত্যি আগুন লাগিয়ে দেয়। একই রকম বাবা-মার উৎকণ্ঠা এবং ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে দিলে এই ঈদের নাটকেরও একটি মধুর সমাপ্তি ঘটে। এখানে উল্লেখ্য, তখন বিটিভি ছাড়া অন্য কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না এবং দর্শকেরা এই একটি ঈদের নাটক দেখার জন্য সারা বছর অপেক্ষা করতেন। এ দেশের একমাত্র টেলিভিশন অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে ঈদের নাটক, স্যাটেলাইট চ্যানেলগুলো আসার পূর্ব পর্যন্ত, এই ধারাতেই অব্যাহত ছিল।হুমায়ূন আহমেদ ছিলেন একজন রহস্যপ্রিয় এবং রসিক মানুষ। তাঁর লেখা রহস্য সন্ধান এবং উন্মোচন কারিগর মিসির আলিকে নিয়ে আমি অন্যভুবন নামে একটি নাটক বাংলাদেশ টেলিভিশনে পরিচালনা করি। নাটকের বিষয়বস্তু, একজন তরুণী গৃহবধূর কাছে টেলিফোন আসে একজন মৃত মানুষের। লোকটি কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দর্শকদের সামনে এ নাটকের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করি আমি, যার মাধ্যমে শুরুতেই দর্শকেরা নাটকটি মনোযোগের সঙ্গে দেখতে শুরু করেন। নাটকটির তুমুল জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে হুমায়ূন মিসির আলিকে নিয়ে অন্যভুবনে সে নামে আরও একটি নাটক লেখেন। হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় গুণ ছিল কথা দিয়ে কথা রাখা এবং যথাযথ সময়ে নাটকের পাণ্ডুলিপি তৈরি করা। একজন পরিচালকের চাওয়া যথার্থ অনুধাবন করা এবং তদনুযায়ী তা মূল্যায়ন করার ক্ষেত্রে হুমায়ূন আহমেদ কতটুকু ক্ষমতাধর এবং যত্নবান ছিলেন, আমি তাঁর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন এবং তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পূর্ণদৈর্ঘ্য রেকর্ড সৃষ্টিকারী চলচ্চিত্র শঙ্খনীল কারাগার নির্মাণ করতে গিয়ে লক্ষ্য করেছি।হুমায়ূন আহমেদের আশা ছিল তিনি তাঁর সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রকাশের ব্যাপ্তি দেশের সীমানা ছাড়িয়ে আরও বহুদূর পর্যন্ত ছড়িয়ে দেবেন। এই মুহূর্তে আমার প্রযোজনায় নির্মিত হুমায়ূন আহমেদ রচিত একক টিভি নাটক একার একটি সংলাপ মনে পড়ছে—‘প্রাণিজগতে কচ্ছপ বাঁচে তিন শ বছর আর আমরা মানবজাতি এক শ বছরও না। মানুষ কচ্ছপের মতো বাঁচলে জগতের কী এমন ক্ষতি হতো?’ এ কথা ঔপন্যাসিক তারাশঙ্করের সেই কবি উপন্যাসের কবি চরিত্রের প্রতিধ্বনি—জীবন এত ছোট ক্যানে?