গতকাল রোববার ছিল জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন। তিনি দেশে নেই, সে কথা সবারই জানা। তবে জন্মদিনে তাঁর নতুন বই গেল পাঠকের হাতে। আত্মজৈবনিক বই রঙপেন্সিল-এর মোড়ক উন্মোচন করে লেখকজননী আয়েশা ফয়েজ সবার কাছে দোয়া চাইলেন ছেলের রোগমুক্তির জন্য।ক্যানসারে আক্রান্ত হুমায়ূন আহমেদ এখন দেশ থেকে বহুদূর নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সুস্থ হয়ে দেশে ফেরার প্রতীক্ষায় অগণিত ভক্ত, অনুরাগী। তিনি দেশে না থাকলেও প্রকাশকেরা জন্মদিন উপলক্ষে তাঁর একক বইমেলার আয়োজন করেছেন সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারে। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে রঙপেন্সিল।গতকাল বিকেলে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে ৬৩টি বেলুনের গুচ্ছ উড়িয়ে লেখকের মা আয়েশা ফয়েজ বইমেলার উদ্বোধন করেন। পরে তিনি নতুন বইটির মোড়ক উন্মোচন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে লেখকের মা বলেন, ‘প্রতিবছরই তার জন্মদিন সাড়ম্বরে পালিত হলেও এবার সে আমাদের মাঝে নেই। আজকে দূরে অবস্থান করছে। তবে তার অনুপস্থিতিতেও সবার এই শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমার মনটা ভরে গেছে। আশা করি, সে আগামী বছর আমাদের সঙ্গেই জন্মদিন উদ্যাপন করবে।’ এ সময় তিনি হুমায়ূন আহমেদের রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে ছিল হুমায়ূন আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। কাছের মানুষেরা তাঁর সঙ্গে সময় কাটানোর স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে অংশ নেন রাশেদা কে চৌধুরী, সালেহ চৌধুরী, মতিউর রহমান, নওয়াজেশ আলী খান, আসমা আব্বাসী, ইমদাদুল হক মিলন, ফরিদ আহমেদ, মকসুদ জামিল, কাজী আরিফ, এস আই টুটুল, মুহিত কামাল, নাসরিন জাহান প্রমুখ। এ সময় সালেহ চৌধুরী জন্মদিনের উপহার হিসেবে বেঙ্গালুরু থেকে আনা চন্দন কাঠের মালা তুলে দেন অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের হাতে।হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব বলেন, ‘প্রত্যেক জন্মদিনে ভাই থাকেন, এই জন্মদিনে নেই। এ জন্য মনটা খারাপ। তবে সবার এই আগমনে মনখারাপ লাগাটা কমে এসেছে। আমি মনে করি, মানুষের এই ভালোবাসা তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে।’স্মৃতিচারণা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে গণগ্রন্থাগার প্রাঙ্গণ; ছিল পথনাটকও। চন্দ্রকলা থিয়েটার পরিবেশন করে আজব বাক্স নাটকটি। পরিবেশনা শেষে দলের কর্মীদের হাতে নতুন প্রকাশিত রঙপেন্সিল বইটি তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পড়েন কবি রফিক আজাদ, মুহম্মদ নূরুল হুদা, আরিফ মহিউদ্দীন প্রমুখ। ছড়া পাঠ করেন আলম তালুকদার ও ওবায়দুল গনি। অণুগল্প পড়ে শোনান জাহিদুল হক, ঝর্ণা রহমান ও হামিদ কায়সার। কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও দিমা নেফারতিতি।সাত দিনব্যাপী এ বইমেলা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনের মতো প্রতি সন্ধ্যায় মেলামঞ্চে রয়েছে অণুগল্প পাঠ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও পথনাটক