বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ম্যাডভাই’। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন কাজী আমিরুল ইসলাম। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। কথা হলো তাঁর সঙ্গে।‘ম্যাডভাই’ নাটকটি নিয়ে কিছু বলুন।এটি সিরিও-কমেডি ধাঁচের নাটক। মাসুম চমৎকার লিখেছে। গুরুত্বপূর্ণ নানা বিষয় এতে হাস্যরসের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। নাটকের গল্পে দুটো অংশ—গ্রাম ও শহর। আমি শহুরে অংশে কাজ করেছি। মাত্র তো ১৩ পর্বের শুটিং করেছি। গল্পটা এখন মাত্র জমতে শুরু করেছে। হয়তো সামনের পর্বগুলোর অভিনয়ের পর আরও ভালো করে কিছু বলা যাবে।এটিএন বাংলায় তো আজ আপনার অভিনীত ‘টমেটো ক্যাচাপ’ ধারাবাহিকটিও দেখানো হবে।এই নাটকে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মুনমুন আহমেদ। বাস্তবে তিনি একজন নৃত্যশিল্পী। নাচ নিয়ে তাঁকে প্রায়ই দেশে এবং দেশের বাইরে ব্যস্ত থাকতে হয়। এ জন্য নাটকের গল্পটাও বারবার পরিবর্তন করতে হচ্ছে। এত দিন আমাদের কথা টেলিফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন আমাদের দেখা হচ্ছে। শহুরে কোলাহল থেকে বাঁচার জন্য আমি গ্রামে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি।একুশে টিভির ‘ললিতা’ ধারাবাহিকে তো আপনার পদোন্নতি হয়েছে।হ্যাঁ, সিএনজি বেবিট্যাক্সির পর এখন আমি ট্রাকের ড্রাইভার হয়েছি। এটা একটা পদোন্নতিই বলতে পারেন। তবে এর প্রভাব পড়েছে ব্যক্তিগত জীবনে। স্ত্রীকে গ্রামে রেখে আমি শহরে থাকছি। এরই ফাঁকে যাত্রাদলের এক নায়িকার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি। আর দীর্ঘদিন পর ললিতার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?হুমায়ূন আহমেদের নতুন ছবিতে কাজ করব। ঘেটুপুত্র কমলা ছবির কাজ আগামী মাসেই শুরু হচ্ছে। আর দুটি ছবি কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আবু সাইয়ীদের অপেক্ষা আর মোহাম্মদ হান্নানের শিখণ্ডীকথা। দুটি ছবির গল্পই অসাধারণ। শিখণ্ডীকথা ছবির গল্প হিজড়াদের নিয়ে। সমাজে তারা তাচ্ছিল্য, হাসি-তামাশা আর অনুকম্পার শিকার। কিন্তু তারাও যে মানুষ, তাদেরও যে অধিকার আছে—এটা অনেকেই বুঝতে চায় না। আমি মনে করি, শিখণ্ডীকথা মুক্তি পাওয়ার পর এ ধারণাটা হয়তো পাল্টে যাবে।