হুমায়ূন আহমেদের প্রথম কেমো কাল
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের কেমোথেরাপি শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার থেকে। গতকাল মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে চিকিত্সা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। নিউইয়র্কে অবস্থিত বিশ্বের বিখ্যাত মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে তাঁর চিকিত্সা শুরু হয়েছে। বিরতি দিয়ে ছয় দফায় তাঁকে কেমোথেরাপি দেওয়া হবে। চারটি কেমো দেওয়ার পর তাঁকে আবার পরীক্ষা করা হবে। এ পর্যায়ে কোলনের দূষিত টিউমারের অবস্থা বুঝে চিকিত্সকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রায় তিন মাসের টানা চিকিত্সায় হুমায়ূন আহমেদ পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিত্সকেরা মনে করছেন।স্ত্রী শাওন এবং দুই ছেলে নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূনকে নিয়ে হুমায়ূন আহমেদ নিউইয়র্কের জ্যামাইকার একটি ভাড়া বাড়িতে উঠেছেন। তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে এমন কয়েকজন জানিয়েছেন, তিনি মানসিকভাবে সুস্থ আছেন এবং নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন।