হুমায়ূন আহমেদের মরদেহ আজ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরবেন আজ জননন্দিত হুমায়ূন আহমেদ। তবে দেশের শ্যামল ছায়া স্পর্শ করবে না তাঁর দৃষ্টি। তিনি থাকবেন মুদিত নেত্রে। আর অগণিত মানুষ বিষাদে ভরা অন্তরে ব্যথাতুর দৃষ্টি মেলে দেখবেন তাঁর নিঃস্পন্দিত শবদেহ।সকাল নয়টা নাগাদ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমায়ূন আহমেদ ও তাঁর স্বজনদের নিয়ে এমিরেটসের বিমানটি অবতরণের কথা। এরপর বিমানবন্দর থেকে সরাসরি তাঁর লাশ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বেলা দুইটা পর্যন্ত। এরপর জাতীয় ঈদগাহে হবে তাঁর জানাজা।গতকাল রোববার এই পরিকল্পনার কথা জানিয়েছেন হুমায়ূন আহমেদের মেজো ভাই লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি গতকালই সকালে সস্ত্রীক যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসেছেন। দুপুরে মিরপুর পল্লবীর ছোট ভাই আহসান হাবীবের বাড়িতে সাংবাদিকদের তিনি জানান, দাফনের স্থান চূড়ান্ত হয়নি। যদিও এর আগে নুহাশপল্লীতেই তাঁর দাফনের কথা বলা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত বাদ দেওয়া হয়েছে। জাফর ইকবাল বলেন, ‘তিনি ছিলেন সর্বস্তরের সাধারণ মানুষের প্রিয় একজন মানুষ। সে কারণে এমন একটি স্থানেই তাঁর কবর হওয়া উচিত যেন তাঁর অনুরাগীরা সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। নুহাশপল্লীতে কবর হলে সেটি সাধারণ লোকচক্ষুর আড়ালে একটি কোণে গিয়ে পড়বে। আমরা আপাতত তিনটি স্থানের কথা ভেবেছি। এর মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধি চত্বর, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এবং বনানী কবরস্থান।’ বিকেলে আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, নুহাশপল্লীতে দাফন হচ্ছে না, এটি আপাতত নিশ্চিত। রাত সাড়ে ১০টা নাগাদ বিমানটি দুবাইতে পৌঁছাবে। সেখান যাত্রাবিরতির সময় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে কথা বলে এখানকার পরিস্থিতি জানিয়ে দাফনের স্থান চূড়ান্ত করা হবে। আগের পরিকল্পনার কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর থেকে ‘দখিন হাওয়া’র বাসভবনে হুমায়ূন আহমেদকে নেওয়া হচ্ছে না। সরাসরি শহীদ মিনারে নেওয়া হবে। এবং শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর সোমবারেই দাফন সম্পন্ন হবে।আহসান হাবীব জানান, নুহাশপল্লীতে দাফনের বিষয়ে লেখক, সংস্কৃতিসেবী, তাঁর ভক্তদের অনেকেই আপত্তি জানিয়েছেন। এ ছাড়া মা আয়েশা ফয়েজও চান, এমন জায়গায় দাফন করা হোক যেন তিনি সহজেই গিয়ে কবর দেখতে পারেন। এদিকে, গতকাল দুপুরে মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক সাংবাদিকদের কাছে হুমায়ূন আহমেদের চিকিৎসা এবং অন্তিম মুহূর্তের বিবরণ দেন। তিনি জানান, চিকিৎসকেরা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। সম্ভবত তাঁরা ইন্টারনেটে হুমায়ূন আহমেদ সম্পর্কে জেনেছিলেন, তিনি বাংলাদেশের খুবই জনপ্রিয় লেখক। সে কারণে অত্যন্ত যত্ন ও পরিচর্যা করা হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা বলেছিলেন, এ ধরনের অস্ত্রোপচারে সাধারণত শতকরা ৯৫ ভাগ রোগী নিরাময় লাভ করেন। দুই দফাতেই খুবই সফল অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু তিনি পড়েছেন দুর্ভাগ্যকবলিত পাঁচজনের ভাগে।ইয়াসমিন হক জানান, তাঁরা নিউইয়র্কে যাওয়ার আগেই হুমায়ূন আহমেদ বাকরুদ্ধ হয়েছিলেন। ফলে তাঁদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে ইশারা-ইঙ্গিতে ভাব প্রকাশ করেছেন। তাঁরা যে হাসপাতালে তাঁকে (হুমায়ূন) দেখতে এসেছেন সেটি কি তিনি বুঝতে পারছেন, এমন প্রশ্ন করলে হুমায়ূন আহমেদ কাঁধ নেড়ে হ্যাঁ-সূচক জবাব দিয়েছেন। এভাবেই ভাবের আদান-প্রদান হতো। ফুসফুসের সংক্রমণেই তাঁর অবস্থার অবনতি ঘটছিল দ্রুত। শ্বাস নিতে পারছিলেন না। একেবারে অন্তিম মুহূর্তটিতে সবাই শয্যাপাশে তাঁর হাত ধরে, শরীর স্পর্শ করে ছিলেন। দ্রুত রক্তচাপ, হূৎস্পন্দন কমে আসছিল। চিকিৎসকেরা বিভিন্ন লক্ষণ দেখে বলেছেন, অত্যন্ত সহজ শান্তিতে তিনি চলে গেছেন। যাওয়ার কালে কোনো কষ্ট পাননি তিনি।এদিকে, গতকালও অনেকে পল্লবীর বাড়িতে গেছেন হুমায়ূন আহমেদের মা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে। তাঁদের মধ্যে ছিলেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।নিউইয়র্ক থেকে ইব্রাহীম চৌধুরী জানান, নিউইয়র্ক সময় গত শনিবার রাত ১১টা ৪১ মিনিটে হুমায়ূন আহমেদের কফিনবাহী ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দর ছেড়ে গেছে। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিষাদ-নিনিত, শাশুড়ি তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম এবং মেহের আফরোজ শাওনের বোন সেঁজুতি একই ফ্লাইটে নিউইয়র্ক থেকে রওনা হয়েছেন। দুবাইয়ে যাত্রাবিরতির পর সোমবার সকাল নয়টায় হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে তাঁদের শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা।জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের শেষবিদায় জানাতে জে এফ কেনেডি বিমানবন্দরে প্রবাসীদের ব্যাপক লোকসমাগম ঘটে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরীসহ প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন শেষবিদায় জানাতে।