হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রীর শোক ও সমবেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলা সাহিত্যের নন্দিত লেখক, বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে আজ শনিবার দুপুরে দেখা করেছেন। এ সময় হুমায়ূন আহমেদের ভাই কার্টুনিস্ট আহসান হাবিব, তাঁর বোনসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। খবর বাসস।এদিকে শিক্ষামন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার গণ্ডি পেরিয়ে বাংলা সাহিত্যে একজন জনপ্রিয় লেখকের স্থান দখল করেছেন। নাট্য ও চলচ্চিত্র জগতে তিনি সাবলীলভাবে বিচরণ করেছেন। তাঁর বহুমুখী সৃজনশীল সৃষ্টি কালজয়ী হয়ে থাকবে। তাঁর অকাল মৃত্যু বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি। মন্ত্রী বলেন, তাঁর অকাল মৃত্যুতে পুরো বাঙালি জাতি শোকে মুহ্যমান। তিনি তাঁর অসাধারণ বহুমুখী সৃজনশীল প্রতিভা স্মরণ করে বলেন, তিনি তাঁর সৃষ্টি দিয়ে সব বাঙালি তথা নতুন প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন। কিছুদিন আগে হুমায়ূন আহমেদ লিখিত এক চিঠির উদ্ধৃতি দিয়ে নাহিদ বলেন, ‘হুমায়ূন আহমেদ আমাকে মন্ত্রীর প্রটোকল ছাড়াই একজন সাধারণ বন্ধুর মতো তাঁর স্কুলে যাবার অনুরোধ করেছেন। যেমন আমি একুশের বইমেলায় বাংলা একাডেমীতে যাই। আমি তাঁর স্কুলে অবশ্যই যাব।’আজ সকালে শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে হুমায়ূন আহমেদের শাশুড়ির সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন এবং সার্বিক খোঁজখবর নেন। তিনি মুহম্মদ জাফর ইকবালের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন।