হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ সংশোধন করে প্রকাশের আশা আদালতের
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংশোধন করে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস দেয়াল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন আদালত।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আশা প্রকাশ করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্যের বিবরণ ও রায়সহ ইতিহাসের সঠিক তথ্য হুমায়ূন আহমেদকে সরবরাহে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। তথ্য, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১১ মে প্রথম আলোয় হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য দেয়াল উপন্যাসের দুটি অধ্যায় ছাপা হয়। তাতে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের মৃত্যুর বর্ণনা ও খন্দকার মোশতাকের ভূমিকা সম্পর্কে ছাপা তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে গত সোমবার বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত গতকাল শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিত আদেশ দেন।আদালত বলেছেন, ‘হুমায়ূন আহমেদ একজন জনপ্রিয় ঔপন্যাসিক ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা কোনো আদেশ দিয়ে তাঁকে বিব্রত করতে চাই না। তবে নতুন প্রজন্ম ভুল ইতিহাস জানুক, সেটাও আমরা চাই না।’পরে যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘দেয়াল উপন্যাসের দুটি অধ্যায় পত্রিকায় প্রকাশিত হয়েছে। মামলায় যেভাবে ছিল, পত্রিকায় প্রকাশিত লেখায় শেখ রাসেলের মৃত্যুর দৃশ্য সেভাবে উঠে আসেনি। এ ছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খন্দকার মোশতাক জড়িত ছিলেন বলে মামলার সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে। কিন্তু ওই লেখায় সেটা ফুটে ওঠেনি।’ তিনি বলেন, ‘এই বই প্রকাশ করা একটি মহৎ উদ্যোগ। আমরা চাই তথ্যগত ভুল যাতে না থাকে। কারণ, তাঁর পাঠক লাখ লাখ, এর মধ্যে নবীন ও যুবকই বেশি। প্রকৃত ইতিহাস তুলে ধরা না হলে তারা সঠিক ইতিহাস জানবে না। ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানবে না, এটা হতে পারে না। তথ্যগতভাবে যাতে সঠিক হয়, এ জন্য আমরা বিষয়টি আদালতের নজরে দিয়েছি।’ অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পেপারবুক হুমায়ূন আহমেদকে দিতে আদালত মৌখিকভাবে বলেছেন।