হুমায়ূন ও মাজহারুলের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিসভা থেকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন কিনা—জানতে চাইলে সচিব বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কোনো কাগজপত্র আসেনি। তিনি এ বিষয়ে কিছু জানেন না। মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা ২০০৯ সাল থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ১৫৬টি বৈঠক করেছে। এসব বৈঠকে এক হাজার ৫৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ শতাংশ। তিনি উল্লেখ করেন, মন্ত্রিসভায় বিএনপি সরকারের আমালের একটি চিত্র দেওয়া হয়েছে। ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত মন্ত্রিসভার ১৫০টি বৈঠক হয়েছে। ওই বৈঠকে ৫৪৪টি সিদ্ধান্ত হয় এবং ৩৯৫টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭২ দশমিক ৬০ শতাংশ।গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৪ জুলাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বাংলাদেশের স্থাপত্যকলার ‘আধুনিক রূপকার’ স্থপতি মাজহারুল ইসলাম।