হুমায়ূনকে নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিশিষ্ট এই নাগরিকেরা বলেন, দীর্ঘ চার দশক ধরে হুমায়ূন আহমেদ সাহিত্য, টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে এ দেশের মানুষকে আনন্দ দিয়েছেন। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষ অত্যন্ত শোকাহত। বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমরা মনে করি, আমাদের কালের জনপ্রিয়তম এই লেখকের প্রয়াণে আর যেন কাদা ছোড়াছুড়ি না হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনভিপ্রেত প্রচারণা ও কিছু কিছু অযাচিত পদক্ষেপে তাঁর পরিবারের সদস্যরা ও ভক্তরা ব্যথিত-মর্মাহত এবং একই সঙ্গে আমরাও ব্যথিত ও মর্মাহত।’বিবৃতিতে বলা হয়, এমন একজন লেখককে নিয়ে সম্প্রতি যে ধরনের নোংরামি দেশবাসী লক্ষ করছে তা খুবই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অশোভন ও নিন্দনীয়। এতে এ ধরনের ‘অনাবশ্যক’ প্রচারণা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।বিবৃতিদাতারা হলেন—ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারা যাকের, সৈয়দ মনজুরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ, মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, জুয়েল আইচ, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ফরিদুর রেজা সাগর, গোলাম কুদ্দুস, আনিসুল হক ও ফেরদৌস আরা।