হুমায়ূনকে নিয়ে বিতর্ক না করতে ফখরুলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হুমায়ূন আহমেদ কোনো দল বা ব্যক্তির সম্পদ নন। তিনি দেশের সম্পদ। তাই তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এমন কিছু না করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সম্প্রতি একটি মামলা হয়েছে বলে জানি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা দরকার। তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করা ঠিক নয়।’ জাসাসের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য দেন কবি আবু সালেহ, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ। জাতীয় প্রেসক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের বাড়াবাড়ি শুভ হবে না। সরকার তাঁকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে, তা ভবিষ্যতের জন্য ভালো হবে না। মওদুদ আহমদ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।