হুমায়ূনের জন্য এখনো কাঁদছে কুতুবপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অকালমৃত্যুতে এখনো কাঁদছে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর। তাঁর সঞ্চরণে আজ সোমবার কুতুবপুর গ্রামে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকাহত কুতুবপুরবাসীর ব্যানারে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে বিকেলে ওই শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।হুমায়ূন আহমেদের চাচা মো. আলতাফুর রহমান আহমেদের সভাপতিত্বে শোকসভায় অংশ নেন পাশের কলসহাটি গ্রামের মিজানুল করিম খান কায়সার, আবুল মনসুর আহমেদ, চাপুরী গ্রামের শাহিনূর আলম ফকির, হুমায়ূন আহমেদের স্বপ্নের বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জমান, শিক্ষক আজহারুল ইসলাম, মাহবুব আলম খান, হুমায়ূন আহমদের চাচাতো ভাই বখতিয়ার আহমেদ আজম, আশরাফুল আলম সেলিম প্রমুখ। কুতুবপুরের বাসিন্দা এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় শোকসভায় হুমায়ূন আহমেদের ওপর স্মৃতিচারণা করতে গিয়ে বক্তাদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হুমায়ূন আজ আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু রয়ে গেছে তাঁর সৃষ্টিশীল কর্ম ও অনেক স্বপ্ন। এখন তাঁর স্বপ্নের দ্রুত বাস্তবায়ন চাই আমরা।’ মিজানুল করিম খান কায়সার বলেন, ‘দেশ-বিদেশের মানুষ হুমায়ূন স্যারকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছে তা বিরল।’হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘হুমায়ূন স্যারের তুলনা হয় না। তিনি শত ব্যস্ততার মাঝেও প্রিয় বিদ্যালয়টির দিকে নজর রাখতেন। এখন সকলের চাওয়া স্যারের সেই প্রিয় বিদ্যালয়টি দ্রুত সরকারি অনুদানভুক্ত হোক।’ শোকসভায় বক্তারা দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা করার পাশাপাশি হুমায়ূন আহমেদের স্বপ্নের বিদ্যালয়টির দিকে সরকারের দ্রুত নজর দেওয়ার দাবি জানান।সবশেষে প্রয়াত হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভার দিনেও গ্রামের মানুষ হুমায়ূন আহমেদের জন্য কোরআন খতম দিয়েছে।