শোকে-শ্রদ্ধায়-ভালোবাসায় সদ্য প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে স্মরণ করলেন গুণীজনেরা। লেখকের জীবনের প্রসঙ্গ, তাঁর সঙ্গে ব্যক্তিগত জীবনের স্মৃতি, সাহিত্য, নাটক ও চলচ্চিত্রকর্মে তাঁর অবদান এবং তাঁর শেষ দিনগুলো নিয়ে আলোচনা করেছেন বক্তারা। গভীর আবেগে আপ্লুত হয়েছেন কেউ কেউ। বাষ্পরুদ্ধ হয়েছে কণ্ঠ। সবারই সারকথা ছিল— জনপ্রিয়তার যে উচ্চ শৃঙ্গ তিনি স্পর্শ করেছিলেন বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে, তা বিস্ময়কর। তবে শুধু জনপ্রিয়তার নিরিখেই নয়, গুণগত মানের উচ্চতাতেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।স্মরণসভা শুরু হয়েছিল গতকাল বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা যোগ দেন। উপস্থিত হন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানও। তবে শ্রোতার সারিতে উপবিষ্ট গুলতেকিন গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। আলোচনার সময় নীরবে কেঁদেছেন। হুমায়ূনের পরিবারের সদস্যদের মধ্যে ছেলে নুহাশ, ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব, বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রুখসানা আহমেদ, ভ্রাতৃবধূ ইয়াসমিন হকসহ অন্য আত্মীয়রা উপস্থিত ছিলেন।সভা শুরু হয়েছিল শারমিন সাথী ইসলামের গাওয়া ‘আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি’ শোকসংগীত দিয়ে। এরপর হুমায়ূনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার সূচনা করে লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘তিনি ছিলেন সাহিত্যের বরপুত্র। সত্য, শুদ্ধতা ও সুন্দর—এই তিন স্রোত এক হয়ে তাঁর রচনায় মিশে ছিল।’ হুমায়ূন আহমেদকে নিয়ে এখন গণমাধ্যমে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, তাতে শালীনতা, রুচি ও সৌজন্যবোধ মেনে চলার আহ্বান জানান তিনি।ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘হুমায়ূনের মধ্যে সৃজনশীলতার যে বিস্ময়কর প্রকাশ ঘটেছিল, তার তাৎপর্য উপলব্ধি করতে আরও সময় লাগবে। অনেক বৈপরীত্যপূর্ণ বিষয়কে তিনি একত্রে মিলিয়েছিলেন। তাঁর জন্য আমরা শোক করব, গৌরবও করব।’নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘তিনি অনেক ক্ষেত্রেই সরাসরি রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে অংশ নেননি। কিন্তু তিনি এমন কিছু লিখেছেন, যা আন্দোলনকে বেগবান করেছে। সত্য কথা স্পষ্ট করে বলার মতো সাহসিকতা তাঁর ছিল। তিনি অর্থের পেছনে ছোটেননি, অর্থ তাঁর পেছনে ছুটেছে। এটি আমাদের দেশে বিরল ঘটনা।’সাংসদ আসাদুজ্জামান নূর নিউইয়র্কে চিকিৎসাধীন হুমায়ূনের শেষ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মাঝে মাঝেই বাষ্পরুদ্ধ হয়ে পড়ে তাঁর কণ্ঠ। তিনি বলেন, ‘নাটকের মধ্য দিয়ে তাঁর সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছিল, তা অনেক গভীর হয়েছিল। আমার জীবন বদলে দিয়েছিলেন হুমায়ূন। আমার আজকের এই অর্জনের পেছনে তাঁর অনেক বড় অবদান রয়েছে। এই শোকসভায় তাঁর সঙ্গে শোকের স্মৃতিচারণা করতে চাই না। তাঁর সঙ্গে আনন্দের স্মৃতিগুলোই আমি স্মরণে রাখব।’চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে যে ভূমিকা রেখেছেন তা অনবদ্য।’বড় ভাইয়ের জীবনের নানা ঘটনার স্মৃতিচারণা করেন মুহম্মদ জাফর ইকবাল। শুরুতেই তিনি হুমায়ূন আহমেদের জন্য যাঁরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, তাঁকে নিয়ে যেসব আয়োজন হয়েছে, তার উদ্যোক্তাদের প্রতি পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ‘হুমায়ূন আহমেদ আনুষ্ঠানিকতা পছন্দ করতেন না। সে কারণে আমরা কোনো কুলখানি করিনি। কিছু এতিম দুস্থদের খাবার খাওয়ানো হয়েছে। তাঁর সৃজনশীলতা ছিল খুবই বৈচিত্র্যময়। খুব সুন্দর লিখতে পারতেন। অনেকেই জানেন না, খুব ভালো ম্যাজিক দেখাতে পারতেন তিনি। অভিনয়ও করতেন চমৎকার। বাবা বেঁচে থাকতে বাড়িতে ঈদ বা বড় উৎসবে নাটক করতেন। তাতে হুমায়ূন অভিনয় করতেন। নিউইয়র্কে তাঁর আঁকা অনেক ছবি আছে। অনেক আগে থেকেই তিনি ছবি আঁকতেন। এ বিষয়টিও অনেকের অজানা। রহস্যময়তা, অলৌকিক গল্প বলতে পছন্দ করতেন। বাড়িতে এসব গল্প বলে আমাদের মাতিয়ে রাখতেন।’শেষ দিনগুলো সম্পর্কে জাফর ইকবাল বলেন, ‘চিকিৎসক আমাদের বলেছিলেন, খুবই সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর শরীরে আর ক্যানসার ছিল না। সুস্থ হয়ে উঠলে ১০ থেকে ১৫ বছর বাঁচতে পারতেন। চিকিৎসকের এই আশ্বাসে আমরাও খুব আশাবাদী হয়ে উঠেছিলাম। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, সংক্রমণের কারণে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছিল, যার ধকল তিনি আর কাটিয়ে উঠতে পারেননি। বিভিন্ন লক্ষণ দেখে চিকিৎসকেরা বলেছেন, শেষ মুহূর্তটিতে তিনি খুবই শান্তিতে চলে গেছেন। আমরা মানুষটার শরীর ধরে রেখেছি। মনিটরে তাকিয়ে দেখছি। হূৎস্পন্দন কমে আসছে। একসময় থেমে গেল। মানুষটা আর নেই।’স্মরণসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। শোক প্রকাশ করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, সঞ্চালনা করেন জোটের সম্পাদক হাসান আরিফ।বাংলাবাজারে শোকসভা: রাজধানীর বাংলাবাজারে হুমায়ূন আহমেদের নামে একটি সড়কের নামকরণের দাবি করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গতকাল শনিবার বাংলাবাজার চত্বরে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হক হুমায়ূন আহমেদের নামে বাংলাবাজারে সড়কের নামকরণ করার প্রস্তাব উত্থাপন করেন। এ সময় হাত তুলে সমর্থন জানান অগণিত মানুষ।লেখক-সাংবাদিক আনিসুল হক বলেন, হুমায়ূন আহমেদ মানুষের জন্য স্বপ্ন নির্মাণ করেছেন। বাংলাদেশের জ্যোৎস্না-বৃষ্টি বরাবরই সুন্দর ছিল। হুমায়ূন সুন্দরকে সুন্দরতর করেছেন। একটি বিরাট জনগোষ্ঠীকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেছেন। এখানেই তিনি অমর।বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার বলেন, হুমায়ূন আহমেদ তাঁর নাটকে ‘তুই রাজাকার’ সংলাপটি ব্যবহার করেছিলেন। এ থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের সূচনা হয়েছিল।এদিকে হুমায়ূন আহমেদের যেকোনো রচনা পুনর্মুদ্রণের সময় প্রকাশক ও স্বত্বাধিকারীর অনুমতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন সময় প্রকাশনীর ফরিদ আহমেদ।শোকসভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁদের ব্যক্তিগত নানা স্মৃতির কথা জানান।