হুমায়ূনের দাফন কোথায় সিদ্ধান্ত হয়নি
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে কোথায় দাফন করা হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।আজ রোববার মিরপুরের পল্লবীতে লেখকের ছোট ভাই রম্যলেখক আহসান হাবীবের বাসায় হুমায়ূনের দাফনের ব্যাপারে পরিবারের সদস্যরা আলোচনা করেন।পরে লেখকের আরেক ভাই সমসাময়িক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, কোথায় দাফন করা হবে—এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মা, পরিবারের সদস্য, সন্তান—সবার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) শেষনিঃশ্বাস ত্যাগ করেন সমসাময়িক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। নিউইয়র্ক সময় শনিবার রাত ১১টা ৪১ মিনিটে তাঁর কফিনবাহী ফ্লাইটটি জন এফ কেনেডি বিমানবন্দর ছেড়ে যায়।লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই শিশুপুত্র নিষাদ ও নিনিত, শাশুড়ি সাংসদ তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম ও শাওনের বোন সেঁজুতি একই ফ্লাইটে নিউইয়র্ক থেকে রওনা হয়েছেন। দুবাইয়ে যাত্রাবিরতির পর কাল সোমবার সকাল নয়টার দিকে হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।