হুমায়ূনের নামে হোক বাংলাবাজারের একটি সড়ক
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, সব জনপ্রিয় লেখককে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছেন তাঁদের প্রকাশকেরা। তাঁরা লেখককে সন্তানের মতো ধারণ করেছেন মেধায়, মননে আর পরিশ্রমে। আজ শনিবার বাংলাবাজারে হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ সভার আয়োজন করে।হুমায়ূন আহমেদের স্মরণে প্রকাশকদের শোকসভার আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সৈয়দ শামসুল হক বলেন, হুমায়ূন আহমেদের নামে বাংলাবাজারে একটি সড়কের নামকরণ করা হলে অনাগত দিনের লেখক ও প্রকাশকেরা তাঁকে স্মরণ করতে পারবেন শ্রদ্ধা ও ভালোবাসায়। সিটি করপোরেশনের কাছে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি অনুরোধ জানান।অনুষ্ঠানের বিশেষ অতিথি কথাসাহিত্যিক আনিসুল হক হুমায়ূন আহমেদ সম্পর্কে বলেন, ‘হুমায়ূন আহমেদের প্রথম জন্মস্থান তাঁর নানাবাড়ি মোহনগঞ্জ হলেও এ লেখকের দ্বিতীয় জন্মদিন এই বাংলাবাজারে। কেননা, প্রকাশকই লেখক তৈরি করেন। হুমায়ূন আহমেদ আমাদের প্রকাশনাশিল্পকে গত ৪০ বছরে এক হাতে দাঁড় করিয়েছেন। এ ছাড়া হুমায়ূন আহমেদ দীর্ঘদিন ধরে আমাদের মধ্যবিত্তের স্বপ্নগুলো অনুবাদ করেছেন।’বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদারের সভাপতিত্বে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শ ম গোলাম কবীর, সহসভাপতি কাইছার-ই-আলম প্রধান, সহসভাপতি ওয়াহিদুজ্জামান সরকার, পরিচালক বাহাউদ্দিন ভূঁইয়া, প্রকাশক খান মাহবুব, মো. শাহাদাত হোসেন, মনিরুল হক, হামিদুল হক প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।