হুমায়ূনের মাকে সান্ত্বনা দিলেন ড. ইউনূস
জননন্দিত লেখক সদ্যপ্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে সান্ত্বনা দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তিনি ছিলেন প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ। দেশের সব ধরনের মানুষ আজ তাঁর জন্য শোক প্রকাশ করছে।’ আজ রোববার বিকেল সাড়ে চারটায় তিনি মিরপুর পল্লবীতে হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিতে যান। আয়েশা ফয়েজ এখানে ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীবের বাড়িতেই থাকেন।ড. মুহাম্মদ ইউনূস, তাঁর স্ত্রী আফরোজি ইউনূস ও মেয়ে দীনা বিকেলে পল্লবীতে যান। হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিয়ে বেশ খানিকটা সময় তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় হুমায়ূন আহমেদের তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোকসানা আহমেদও সেখানে ছিলেন। কিছু পরে আসেন হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূন। আহসান হাবীব জানান, তাঁর মাকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত নভেম্বরে নিউইয়র্কে চিকিত্সাধীন থাকার সময় হুমায়ূন আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। নানা প্রসঙ্গে তাঁদের মধ্যে কথা হয়েছিল। হুমায়ূন তখন খুব প্রাণবন্ত ছিলেন। অন্য অনেক বিষয়ে কথা হলেও তাঁর ক্যানসার নিয়ে হুমায়ূন বিশেষ কিছু বলতে আগ্রহী ছিলেন না। তাঁর মনে হয়েছিল, সেরে ওঠার ব্যাপারে হুমায়ূন আহমেদ খুবই আশাবাদী ছিলেন। অথচ সেই প্রাণবন্ত মানুষটি এভাবে চলে যাবেন, এটা তাঁর কাছে ছিল একেবারেই অভাবিত।বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূস ফিরে যান। এ সময় হুমায়ূন আহমেদ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর লেখনি, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে ঢুকে গিয়েছিলেন। একটি অসাধারণ জাদু ছিল তাঁর ভেতরে। সেই জাদুকরি শক্তিতে তিনি সব শ্রেণীর মানুষকে আকৃষ্ট করে রেখেছিলেন। তাঁর অভাব পূরণ হবে না। তাঁর মৃত্যুতে সারা দেশে মানুষের শোক উথলে উঠেছে।’ আহসান হাবীব প্রথম আলোকে জানান, তাঁর মার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে তিনি কাথাবার্তা কমই বলেন, শোকে মুহ্যমান রয়েছেন।