হুমায়ূনের মাকে সান্ত্বনা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত লেখক সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে সান্ত্বনা দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘হুমায়ূন আহমেদ ছিলেন প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ। দেশের সব ধরনের মানুষ আজ তাঁর জন্য শোক প্রকাশ করছে।’ গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় তিনি মিরপুর পল্লবীতে হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিতে যান। আয়েশা ফয়েজ এখানে ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীবের বাড়িতেই থাকেন।ড. মুহাম্মদ ইউনূস, তাঁর স্ত্রী আফরোজি ইউনূস ও মেয়ে দীনা বিকেলে পল্লবীতে আসেন। হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিয়ে বেশ কিছু সময় তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় হুমায়ূন আহমেদের তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোকসানা আহমেদও সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে আসেন হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ূন। আহসান হাবীব জানান, তাঁর মাকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত নভেম্বর মাসে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ চিকিৎসাধীন থাকার সময় তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নানা প্রসঙ্গে তাঁদের মধ্যে কথা হয়েছিল। হুমায়ূন তখন খুব প্রাণবন্ত ছিলেন। অন্য অনেক বিষয়ে কথা হলেও তাঁর ক্যানসার নিয়ে হুমায়ূন বিশেষ কিছু বলতে আগ্রহী ছিলেন না। তাঁর মনে হয়েছিল, সেরে ওঠার ব্যাপারে হুমায়ূন আহমেদ খুবই আশাবাদী।অথচ সেই প্রাণবন্ত মানুষটি এভাবে চলে যাবেন, এটা তাঁর কাছে ছিল একেবারেই অভাবিত।বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূস ফিরে যান। এ সময় হুমায়ূন আহমেদ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর লেখনী, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে ঢুকে গিয়েছিলেন। একটি অসাধারণ জাদু ছিল তাঁর ভেতরে। সেই জাদুকরি শক্তিতে তিনি সব শ্রেণীর মানুষকে আকৃষ্ট করে রেখেছিলেন। তাঁর অভাব পূরণ হবে না। তাঁর মৃত্যুতে সারা দেশের মানুষের শোক উথলে উঠেছে।’ আহসান হাবীব প্রথম আলোকে জানান, তাঁর মায়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে তিনি কথাবার্তা কমই বলেন, শোকে মুহ্যমান রয়েছেন।প্রসঙ্গত, বৃহদন্ত্রে ক্যানসার ধরা পড়ার পর গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ চিকিৎসার জন্য নিউইয়র্ক যান। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে দুই দফায় তাঁকে ১২টি কেমো দেওয়া হয়। এ বছরের ১১ মে তিনি দেশে এসে ২০ দিন থাকেন। গত ১২ জুন নিউইয়র্কের ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে অনকোলজি বিশেষজ্ঞ জেইন এবং ক্যানসার সার্জন জজ মিলারের নেতৃত্বে তাঁর প্রথম দফায় এবং ২১ জুন দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৯ জুলাই তিনি মারা যান। ২৩ জুলাই সোমবার তাঁকে ঢাকায় আনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহে তাঁর দ্বিতীয় জানাজা হয়। ২৪ জুলাই দুপুরে গাজীপুরের নুহাশপল্লীর লিচুবাগানে তাঁকে দাফন করা হয়।