কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবদিন এ কথা বলেন। বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ নামের একটি সংগঠন আয়োজিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও পদ্মা সেতুর নামে চাঁদাবাজি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। বাজার প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ক্ষমতাসীন দলের ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার অবস্থা ভয়াবহ হবে। র্যাবকে অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করার কথা থাকলেও আপনি দলীয় উদ্দেশ্যে ব্যবহার করছেন।’সংগঠনের উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা এম এ মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।