হুমায়ূনের শোকে স্তব্ধ নুহাশপল্লী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রিয় নুহাশপল্লী এখন নিস্তব্ধ। সেখানকার কর্মীরা এবং আশপাশের গ্রামবাসী সবাই শোকে স্তব্ধ। তবে ব্যক্তি হুমায়ূন আহমেদ না থাকলেও তাঁর নিজ হাতে গড়া শালবৃক্ষশোভিত উদ্যান-বাড়ি নুহাশপল্লী থাকবে যুগ যুগ।নুহাশপল্লীর কর্মকর্তারা জানান, ১৯৯৭ সালে হুমায়ূন আহমেদ গাজীপুর সদর উপজেলার পিরুজালিতে ভাওয়ালের শাল বন পরিবেষ্টিত ৪০ বিঘা জমিতে গড়ে তোলেন নুহাশপল্লী। সেখানে রয়েছে দুর্লভ প্রজাতির অন্তত ২০৫টি বৃক্ষ ও গুল্মজাতীয় উদ্ভিদ। এসব গাছ প্রায় সব বৃক্ষপ্রেমী হুমায়ূন আহমেদ নিজ হাতে বুনেছেন। বর্তমানে সেখানে ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, প্রধান বাবুর্চিসহ আটজন কর্মী সার্বক্ষণিকভাবে কর্মরত। তাঁরা কোনোমতেই বিশ্বাস করতে পারছেন না হুমায়ূন প্রিয় নুহাশপল্লীতে এসে বৃক্ষরাজিকে নিজ হাতে যত্ন করবেন না। সেখানকার কর্মীরা জানান, লেখক হুমায়ূন আহমেদ তাঁদের বাবার মতো স্নেহ করতেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত রাতেও বৃষ্টি হওয়ায় নুহাশপল্লীর সামনে জমে আছে কাদা-পানি। সকাল থেকে গ্রামের লোকজন হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর টিভিতে দেখতে পেয়ে ছুটে আসছে। সেখানকার কর্মীদের কাছে জানতে চাইছে অনেক কিছু।পিরুজআলী গ্রামের ব্যবসায়ী শুকুর আলী বলেন, ‘হুমায়ূন স্যার আমাগো গ্রামের অভিভাবক আছিল। স্যারে মরাতে আমাগো পরিবারের একটা লোক হারাইলাম।’ এ কথা বলতে বলতে তিনি কেঁদে উঠলেন। শুকুর আলীর মতো মোতালেব হোসেন, জাহাঙ্গীর আলমও একইভাবে তাঁদের প্রতিক্রিয়া জানালেন। গ্রামবাসীও চায় তাঁর মরদেহ যেন নুহাশপল্লীতেই সমাহিত করা হয়।নুহাশপল্লীর প্রধান বাবুর্চি আবুল বাশার জানান, তিনি সব সময় পল্লীতে চাষ করা শাকসবজি খেতে পছন্দ করতেন। সেখানকার পুকুরে চাষ করা মাছও খেতেন তিনি। তাঁর বেশি পছন্দ ছিল ঝাল ও ঝোলের তারকারি। নুহাশপল্লীর সহকারী পরিচালক নুরুল হক জানান, ‘লেখক হুমায়ূন আহমেদ ছিলেন আপাদমস্তক একজন বৃক্ষপ্রেমী মানুষ। তিনি সবাইকে খাওয়াতে পছন্দ করতেন। এখানে যত দিন তিনি থাকতেন, তত দিনই আমি সকালে চা থেকে শুরু করে সব খাবার পরিবেশন করতাম। স্যারের বিছানাটা পরিষ্কার করে রাখা ছিল আমার দায়িত্ব। বিছানাটা দেখিয়ে তিনি বলেন, এই বিছানায় স্যার আর ঘুমাবেন না। আমাকে নুরুল হক বলেও ডাকবেন না।’নুহাশপল্লীর পরিচালক সাইফুল ইসলাম জানান, ‘হুমায়ূন আহমেদ নুহাশপল্লীতে যখনই আসতেন, তাঁর গাড়িতে দু-চারটি গাছ থাকত। গাড়ি থেকে নেমেই আগে বাগানের খোঁজ নিতেন। ঘুরে ঘুরে দেখতেন। উনার মতো ভালো মানুষ আর কখনো দেখিনি। এখানের গাছের ফল কখনো বিক্রি করেননি। গাছের ফল তাঁর বন্ধু ও আত্মীয়-স্বজনদের জন্য নিয়ে যেতেন।’লেখক হুমায়ূন আহমেদ মাটি-জল মাড়িয়ে তাঁর নুহাশপল্লীতে যেতেন। এ জন্য বাড়িতে প্রবেশের রাস্তাটিও কখনো পাকা করেননি। তাঁর লীলাবতী দীঘির ঘাটে নামফলকে লেখা রয়েছে, ‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’। তিনি কোটি ভক্তের নয়নে থাকবেন যুগ যুগ।মসজিদে দোয়ার আয়োজন: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ শুক্রবার বাদ জুমা এলাকার মসজিদগুলোতে হুমায়ূন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়েছে। তিনি বলেন, ‘পিরুজআলী গ্রামে বিদ্যুত্ ছিল না, রাস্তাঘাট ছিল না। হুমায়ুন স্যারের চেষ্টায় এবং গ্রামবাসীর সহযোগিতায় এই গ্রামের রাস্তাটি পাকা হয়েছে এবং বিদ্যুত্ পেয়েছি।’