হুমায়ূনের স্বপ্নের স্কুলে শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দেখে গেলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ সোমবার শাওন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ওই স্কুল ও লেখকের পৈতৃক বাড়িতে যান। শাওন দুপুর সাড়ে বারোটার দিকে হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে যান। এ সময় শাওনকে দেখে লেখকের চাচা আলতাফুর রহমান আহমেদ কান্নায় ভেঙে পড়েন। চাচাকে জড়িয়ে ধরে কাঁদেন শাওনও। স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে শাওন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের ভালোভাবে লেখাপড়া করতে বলেন। স্কুলের চত্বর, আধুনিক কম্পিউটার ল্যাব ও পাঠাগার ঘুরে দেখেন শাওন। পরে তিনি শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ভবিষ্যত্ ও পরিচালনাসংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।এ সময় স্বামীর স্মৃতিচারণা করতে গিয়ে শাওন বলেন, ‘অসুস্থ অবস্থাতেও হুমায়ূন আহমেদ কোনোদিন স্কুলের কথা ভোলেননি। তিনি সব সময় স্কুলের খোঁজখবর নিতেন। কীভাবে স্কুলের আরও উন্নতি করা যায় তা নিয়ে ভাবতেন।’ এমনকি সরকারি অনুদানভুক্ত না হলেও জীবদ্দশায় হুমায়ূন আহমেদ স্কুলের সম্পূর্ণ খরচের জোগান দিয়ে গেছেন বলে জানান শাওন। শাওন আশ্বস্ত করে বলেন, লেখকের মৃত্যুতে স্কুলের ভবিষ্যত্ নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করলেও এর কোনো কারণ নেই। কারণ, শিগগির বিদ্যালয়টি সরকারি অনুদানভুক্ত হবে বলে তিনি আশাবাদী। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নিয়ে লেখক যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে যা যা করা দরকার সবই করবেন বলে জানান শাওন। এ জন্য সবার সহযোগিতা চান তিনি। এর আগে শাওন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পাঠাগারে লেখক হুমায়ূন আহমেদের একটি বড় ছবিসহ শিক্ষক মিলনায়তনেও একটি ছবি টানান। তা ছাড়া তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিদ্যালয়ের পশ্চিম দিকে নির্মিত শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি ঘুরে দেখেন এবং লেখকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। লেখকের দাদা-দাদির কবরও জিয়ারত করেন শাওন। বিকেল পৌনে পাঁচটার দিকে শাওন ঢাকার উদ্দেশে কুতুবপুর ছেড়ে যান।স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নিয়ে হুমায়ূন স্যারের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে শাওন ম্যাডাম সবকিছু করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।’ শাওনকে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, তাদের প্রিয় হুমায়ূন স্যার যেভাবে সব সময় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের খোঁজখবর নিতেন, তিনিও যেন তা করেন। এলাকাবাসী দাবি জানায়, তাদের প্রিয় হুমায়ূন স্যার যেভাবে প্রতিবছর এলাকায় এসে তাঁর স্বপ্নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠসহ কুতুবপুর ঘুরে যেতেন, সন্তানসহ লেখকের স্ত্রীও যেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এ সময় লেখকের চাচা মো. আলতাফুর রহমান আহমেদ, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক সালেহ চৌধুরী, ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মনিরুজ্জামান, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান, অবসর প্রকাশনীর আলমগীর রহমানের স্ত্রী ঝর্ণা জামান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মুখলেছুর রহমান ভূঁইয়া, খায়রুল কবীর নিয়োগী, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।