হুল ফুটিয়ে অন্ধকারে ডোবালেন দিলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের খেলোয়াড়েরা সবাই শুয়ে। মৌমাছির আক্রমণে খেলা বন্ধ!খেলোয়াড়েরা সব ড্রেসিংরুমে। ফ্লাডলাইটের দুটি টাওয়ারের বাতি নিভে গেছে!মৌমাছি কিছুক্ষণ উড়ে চলে গেছে, দংশন করেনি কাউকে। বাকি টাওয়ারগুলো জ্বলছিল বলে মাঠেও অন্ধকার নামেনি। তিলকরত্নে দিলশানের অপরাজিত সেঞ্চুরি একই সঙ্গে দুটি কাজই করল। হুল ফোটাল বাংলাদেশ দলের গায়ে, ডুবিয়ে দিল হতাশার অন্ধকারেও। ফ্লাডলাইট-বিভ্রাটে বাংলাদেশের ইনিংসে ২০ মিনিটের মতো খেলা বন্ধ হলো প্রথমে। সেটি ছিল ‘ওয়ার্মআপ’! পরের বার দুই ইনিংসের মাঝের বিরতিটাকে বানিয়ে দিল বিশাল লম্বা। শ্রীলঙ্কান ইনিংস শুরু হলো নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর। বাংলাদেশের কি তাতে সুবিধাই হলো? ডাকওয়ার্থ ও লুইস সাহেব উদ্ভাবিত জটিল সমীকরণ অনুযায়ী ৪১ ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে ২৩৮। ওভার কমে গেল ৯টি। কিন্তু জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য থেকে ২২ রান। এই আলোচনা কিছুক্ষণের মধ্যেই অর্থহীন বানিয়ে দিল দিলশান আর কুশাল পেরেরার উদ্বোধনী জুটি। ১২ ওভারেই স্কোরবোর্ডে ১০৬ রান! দিলশানের ব্যাটে ছোটা ফুলকির সঙ্গে ক্রিকেট বিশ্ব পরিচিত। পেরেরা মাত্র নিজেকে চেনাতে শুরু করেছেন। ড্যারেন ব্রাভো যেমন ব্রায়ান লারার ছায়া, পেরেরার ব্যাটিংয়েও স্পষ্ট আরেক বাঁহাতি ওপেনারের ছাপ। যিনি এখন শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান নির্বাচক। ‘নতুন জয়াসুরিয়া’ এ মাসেই ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ট্রিপল আর একটা ডাবল সেঞ্চুরি মেরেছেন। কাল তাঁর ঝলক অবশ্য ৩৬ বলে ৪২ রানেই শেষ। কিন্তু সোহাগ গাজী যখন তাঁকে ফেরালেন, ততক্ষণে ম্যাচও বলতে গেলে একরকম শেষ! দিলশানের সঙ্গে সাঙ্গাকারার ১২৮ রানের জুটি বাকি আনুষ্ঠানিকতাটা সম্পন্ন করল মাত্র।জয় থেকে ৪ রান দূরে থাকতে রুবেলকে নিজের উইকেটটা উপহার দিয়ে গেলেন সাঙ্গাকারা। রুবেলের অবস্থা দেখে কি মায়া হয়েছিল নাকি! সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম পেসারদের নিয়ে যে আশার কথা বলছিলেন, তাতে আসলে মিশে ছিল শঙ্কা। মাশরাফি নেই, নাজমুল এসেই ছিটকে পড়েছেন। ভরসা বলতে রুবেল আর আবুল হাসান। যাদের কেউই ওয়ানডেতে খুব একটা ভরসা জাগানোর মতো নন।ম্যাচটাও এমন একপেশে করে দিলেন বাংলাদেশের দুই পেসারই। প্রথম ওভারেই ১৯ রান দেওয়ার পর রুবেলকে তো সরিয়েই নিতে হলো। হাসানের প্রথম ৩ ওভারে ২৯ রানের পর দুই প্রান্ত থেকেই স্পিন। শেষ পর্যন্ত হাসানের ৫ ওভারে ৫২ রান, যেটি টি-টোয়েন্টির জন্যও খুব খরুচে হিসাবে বিবেচিত হবে। পেসারদের মধ্যে যার কাছ থেকে সবচেয়ে কম চাওয়া ছিল, সেই জিয়াউরই যা একটু ভদ্রস্থ ফিগার নিয়ে মাঠ ছাড়তে পারলেন। তবে শুরুর ওই ঝড়ের পর তখন তো শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের দেখেশুনে খেললেও চলছে।বাংলাদেশ ২৫৯ করে ফেলার পর অবশ্য এমন একপেশে ম্যাচের কথা ভাবাই যায়নি। এই মাঠে ২১১ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২৬০ কি আর সহজ হবে! প্রায় তিন বছর পর সেঞ্চুরি পাওয়ার আনন্দটা যদি জয় দিয়ে উদ্যাপন করার স্বপ্ন দেখে থাকেন তামিম ইকবাল, সেটি দোষের কিছু ছিল না।অথচ নিয়তি এই সেঞ্চুরির আনন্দের পাশে কী বিষাদই না নির্দিষ্ট করে রেখেছিল তাঁর জন্য! দল তো হারলই, ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলেও চোট পেলেন তামিম। সঙ্গে সঙ্গেই এক্স-রে করাতে হাসপাতালে। যেটি জানিয়ে দিল হাড়ের সূক্ষ্ম চিড়ের অস্তিত্ব। বাঁ হাতের পুরোনো চোট থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার আগেই আবার এই চোট। তামিম ইকবালের জন্য সিরিজই শেষ হয়ে গেল তাতে।৬৩ রানে ৩ উইকেট হারিয়ে নড়বড়ে বাংলাদেশের ইনিংসটা একটু থিতু হয়েছিল তামিম আর মাহমুদউল্লাহর ৬৬ রানের জুটিতে। নাসিরের সঙ্গে তামিমের ৭৫ রানের জুটি সেটির পালে লাগাল একটু হাওয়া। ৪৪তম ওভারে তামিম রান আউট, পরের বলেই আউট জিয়া। তার পরও যে শেষ ১০ ওভারে ৯০ রান, শেষ ৫ ওভারে ৪৮—এটি পুরোপুরিই নাসিরের সৌজন্যে। ৫৯ বলে অপরাজিত ৭৩, শেষ ৫ ওভারে ওঠা ৪৮ রানের ৩৭-ই তাঁর ব্যাট থেকে।মুশফিকুর রহিম স্বভাববিরুদ্ধ বাজে শটে আউট হয়েছেন। মোহাম্মদ আশরাফুল স্বভাবসুলভ অধারাবাহিকতার প্রমাণ রেখে। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করার একটা কথা চালু আছে। মোহাম্মদ আশরাফুল আক্ষরিক অর্থেই তা করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর সর্বশেষ ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন। ১৭ মাস পর আবার ওয়ানডে খেলতে নেমে সেই শূন্যই।শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ঘরেও সেই শূন্যই। এভাবে হারার পর তামিম ইকবালের সেঞ্চুরিরই বা কী মূল্য আছে!বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৯/৮শ্রীলঙ্কা: ৩৫.৪ ওভারে ২৩৮/২ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী (ডি/এল)