জামালখানের রিকশাচালক আবদুল মান্নান (৪৫) আক্ষেপ করে বলেন, ‘চট্টগ্রামে ভোট আইছে বলি মনে অয়না। ভোটের গান-বাজনা নাই, পোস্টার নাই, মিছিল-মিটিং নাই, এইডা আবার কিসের ভোট?’ লালখান বাজার ইস্পাহানী মোড়ের পান-সিগারেটের দোকানদার নূর হোসেনের দুঃখ, নির্বাচনের এক-দেড় মাস আগে বেচাকেনা বাড়ে। এবার ভোটে বিক্রি বাড়বে বলে মনে হয় না।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের বাকি আর ২৬ দিন। কিন্তু নির্বাচনের সেই আগের হই-হট্টগোল বা মাইকিং নেই রাজপথে। পাড়ায় পাড়ায় মিছিল নেই। নেই দেয়াললিখন কিংবা রঙিন পোস্টারের ছড়াছড়ি। এর কারণ নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি।গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও রিটার্নিং কর্মকর্তার দপ্তরের আশপাশে ছিল না নামীদামি গাড়ির ভিড়। দেখা যায়নি ট্রাক-বাস বা মাইক্রোভর্তি লোক কিংবা মাইক বাজিয়ে মিছিল-সমাবেশের চিরায়ত সেই দৃশ্য। মনোনয়নপত্র জমা দিতে যেসব প্রার্থী পাঁচজনের বেশি লোক নিয়ে গেছেন, তাঁরা রিটার্নিং কর্মকর্তার চোখ রাঙানিতে পড়েছেন। পেয়েছেন সতর্কতার নোটিশ।১৭ জুনের সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এখন চট্টগ্রামে এমনই ভিন্নতর পরিবেশ বিরাজ করছে। আজ ও আগামীকাল রোববার মনোনয়নপত্র বাছাই এবং ২ জুন প্রতীক বরাদ্দ। ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় থেকে নির্বাচনের আগের রাত পর্যন্ত প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের অত্যাচারে নগরজীবন অতিষ্ঠ হয়ে ওঠার সংস্কৃতি থেকে আমরা যে বেরিয়ে আসতে পেরেছি, তা খুবই শুভ লক্ষণ। ভবিষ্যতে সব নির্বাচনের জন্য এ পরিবেশ বজায় রাখতে হবে। এ জন্য আমরা দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করছি।’সংশ্লিষ্ট প্রার্থী ও নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধির কারণে এবার ভিন্নতর পরিবেশে চট্টগ্রামে সিটি নির্বাচন হচ্ছে। এভাবে নির্বাচন করায় প্রার্থীদের দৌড়ঝাঁপের বিড়ম্বনা এবং অর্থ ব্যয়ও অনেক কমে আসতে পারে।সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১০-এর ৪ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো প্রার্থী বা তাহার পক্ষ থেকে অন্য কোনো প্রার্থী ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না।’ অর্থাৎ নির্বাচনী প্রচারণার জন্য সময় পাওয়া যাবে সর্বোচ্চ ২১ দিন। কিন্তু হঠাৎ নির্বাচনী তফসিল ঘোষণার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণার জন্য সর্বোচ্চ সময় পাচ্ছেন ১৪ দিন, অর্থাৎ ২ থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত। সে হিসাবে মেয়র পদপ্রার্থীদের নগরের ৪১টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শেষ করতে হলে দিনে অন্তত তিনটি ওয়ার্ডে প্রচার শেষ করতে হবে।জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না, সেই আতঙ্কে আছেন সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। গতকাল শুক্রবার দুপুরে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় একদল যুবক এসেছিল তাঁকে একটি অনুষ্ঠানে অতিথি করার আমন্ত্রণ নিয়ে। ৪ জুন নগরের শিল্পকলা একাডেমীতে ওই অনুষ্ঠান হওয়ার কথা। মহিউদ্দিন চৌধুরী আমন্ত্রণকারীদের জানালেন, নির্বাচনের আগে এভাবে সমাবেশে বক্তৃতা করলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে, তাই অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না।এ প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন ‘আমি খুবই আতঙ্কে আছি, কিসে আবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়, সেই ভয়ে অনেক কিছু করছি না।’মহিউদ্দিন চৌধুরী নির্বাচন করছেন আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী হিসেবে। নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে চলার কারণে এবার আমাদের খরচ অন্তত অর্ধেক কমে যাবে।’ তবে গত নির্বাচনে কত টাকা খরচ হয়েছিল, সেই তথ্য দিতে অপারগতা জানান তিনি। বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতি পদে পদে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে কর্মী-সমর্থকদের বলে দিয়েছি। আমার কোনো কাজে যাতে আচরণবিধি লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে সতর্ক আছি।’ মঞ্জুর আলম বলেন, ‘রঙিন পোস্টার ও কর্মী খরচ না থাকায় এবার নির্বাচনী ব্যয় কমিশনের বেঁধে দেওয়া ব্যয়সীমা ৩০ লাখ টাকার মধ্যেই হয়ে যাবে।