হুসেনের ছবির প্রদর্শনী ঢাকায়
‘ভারতের পিকাসো’খ্যাত শিল্পী মকবুল ফিদা হুসেনের ছাপচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শনিবার থেকে মহাখালীর গ্যালারি ব্যাসিলিওতে। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হুসেনের এই একক প্রদর্শনীর শিরোনাম ‘আর্টিস্ট অব দ্য সেঞ্চুরি’।বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ব্যাসিলিওর উপদেষ্টা রহুল আমিন মজুমদারের সভাপতিত্বে শিল্পীর জীবনালেখ্য পাঠ করেন হায়াত সাইফ। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে বারবার চিত্রপটে তুলে ধরেছেন মকবুল ফিদা। ‘মাধুরী’ সিরিজের বেশ কয়েকটি ছাপচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। এর মধ্যে ‘মাধুরী-৫’ শিরোনামের ছবিটিতে তিনি প্রকৃতির মাঝে তুলে ধরেছেন মাধুরীকে। সবুজ মখমলের বিলিয়ার্ড বোর্ডের মধ্যে শুয়ে মাধুরী হয়ে উঠেছেন লাস্যময়ী। এ ছাড়া ‘থেরোমা’ সিরিজের কয়েকটি কাজ, ‘গঙ্গা-যমুনা’, ‘মহাভারত’, ‘হর্স’ এবং ‘গণপতি’ সিরিজের ছবিও রয়েছে। মোট ছাপচিত্রের সংখ্যা ২৫টি। এর মধ্যে ‘সেরিগ্রাফ’ মাধ্যমের ২৪টি ও একটি ‘লিথোগ্রাফ’ মাধ্যমের। প্রদর্শনী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।