হুড়োহুড়ি করে নামতে গিয়ে হা-মীমের ২০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হা-মীমের কারখানার ছাদের পলেস্তারা খসে পড়ায় ভয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে গতকাল শনিবার ২০ নারীশ্রমিক কমবেশি আহত ও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে আগুন লাগার বিষয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা কারখানার ক্ষতিগ্রস্ত ১০ ও ১১ তলা পরিদর্শন করেন এবং কয়েকজন শ্রমিকের সাক্ষ্য নেন।প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল শনিবার সকাল আটটার দিকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। কাজ শুরুর আধঘণ্টা পর নয় তলায় কর্মরত শ্রমিকদের ওপর ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ওই তলার শ্রমিকেরা হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করেন। একসঙ্গে ঠেলাঠেলি করে নামতে গিয়ে ২০ নারীশ্রমিক আহত ও বা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১৮ জনকে আশুলিয়ার নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতাল এবং দুজনকে খলিল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নয় তলার সুইং অপারেটর আল-আমিন জানান, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করে প্রচণ্ড শব্দ হওয়ার পরপরই মাথার ওপর সুরকি ও পলেস্তারা পড়তে থাকে। সবার সঙ্গে তিনিও হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হয়ে পড়েন।ছয় তলার মেশিন অপারেটর দুলালি বেগম বলেন, প্রচণ্ড শব্দ হওয়ায় শ্রমিকদের মধ্যে ছাদ ভেঙে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বের হওয়ার সময় অনেক নারীশ্রমিক অচেতন হয়ে পড়েন।এদিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে এরই মধ্যে তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ছোটাছুটি করে বের হতে গিয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকেরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ তাঁদের আবার কাজে যোগ দিতে বলেন। এতে অনেকেই সকাল সাড়ে ১০টার দিকে কাজ শুরু করেন। হা-মীম গ্রুপের পরিচালক (উৎপাদন) মেজর (অব.) সুনীল সরকার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ১০ ও ১১ তলায় মেরামতের কাজ চলছে। এ কারণে শব্দ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শব্দ হওয়ার কারণেই শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে থাকেন।তদন্তকাজ শুরুস্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি আগুন লাগার কারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় অনুসন্ধানে গতকাল থেকে কাজ শুরু করেছে। জানা গেছে, প্রথমে শ্রমিকেরা সাক্ষ্য দিতে আগ্রহ দেখাননি। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে কয়েকজন শ্রমিককে ডেকে এনে সাক্ষ্য নেওয়া হয়। এর আগে তদন্ত কমিটির সদস্যরা কারখানার ক্ষতিগ্রস্ত তলাগুলো পরিদর্শন করেন।তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকবাল খান চৌধুরী বলেন, শ্রমিকদের অনীহার কারণে দিনের প্রথম ভাগে সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। পরে কয়েকজন শ্রমিককে ডেকে এনে সাক্ষ্য নেওয়ার পর সেদিনের মতো তদন্তকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। আগামী সোমবার আবার তদন্ত করা হবে। শিল্পমন্ত্রীর পরিদর্শনএদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গত শুক্রবার সকালে হা-মীম গ্রুপের ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। কারখানা পরিদর্শনের আগে শ্রমিকদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, কিছু স্বার্থান্বেষী মহল শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু পারবে না। কোনো শিল্পকারখানায় যাতে কেউ কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেদিকে সরকার সচেতন আছে।ড. মোদাচ্ছের আলী আহত শ্রমিকদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, আশুলিয়ার পোশাকশ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ তাঁর বক্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও লেখাপড়া শেষে চাকরির নিশ্চয়তা দেন তিনি। সুস্থ না হওয়া পর্যন্ত আহত শ্রমিকদের বেতন দেওয়ারও ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে আগুন লাগার ব্যাপারে কারও ইন্ধন থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় নেওয়ার ব্যবস্থা করা হবে।