১৪১৯ সনকে বিদায় আর ১৪২০ সনকে স্বাগত জানানোর সন্ধিক্ষণে গতকাল শনিবার সারা দিনই ছিল উৎসবের আবহ। এমনই এক মুহূর্তে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাতৃভাষা বাংলাকে নিয়ে জমজমাট আসর। অংশ নেওয়া শিক্ষার্থীরা অঙ্গীকার করল হূদয় দিয়ে বাংলা ভাষা শেখার ও মুখস্থকে ‘না’ বলার।‘এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৩’-এর কিশোরগঞ্জ অঞ্চলের আসর ছিল গতকাল। কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগের। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ জেলার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৮ জন শিক্ষার্থী প্রতিযোগে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর সকাল নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। এ সময় বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আকর্ষণীয় নৃত্য পরিবেশন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, পাখি বিশেষজ্ঞ শরীফ খান, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, পৌর মহিলা কলেজের অধ্যাপক শরীফ সাদী, সচেতন নাগরিক কমিটির সভাপতি মায়া ভৌমিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৩৫ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বের উপস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর। ‘বাংলা ভাষার প্রথম শব্দ কোনটি?’, ‘দেশকে মাতৃভূমি বলা হয়, পিতৃভূমি বলা হয় না কেন?’, ‘কৃষ্ণ অর্থ কালো, তাহলে কৃষ্ণচূড়া কেন কালো নয়?’, ‘প্রতিযোগিতা নয়, কেন প্রতিযোগ?’ এমন সব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে পর্বটিকে জমজমাট করে তোলে শিক্ষার্থীরা। ভালো প্রশ্নের জন্য ১০ জন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা হূদয় দিয়ে বাংলা ভাষা শেখার ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করে। প্রশ্নোত্তর পর্বের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য প্রদান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের নিজ ভাষা সম্পর্কে সত্যিকার জ্ঞান অর্জন করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে ত্যাগ করতে হবে। অধ্যাপক মহাম্মদ দানীউল হক বলেন, ভাষার মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। নিজের ভাষা ভালো করে না জানলে অন্য ভাষাও শেখা সহজ হয় না। অধ্যাপক সৌরভ শিকদার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুন্দর এই দেশটাকে ভালোবাসতে হবে; মাতৃভাষাকে ভালোবাসতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে।প্রশ্নোত্তর পর্ব শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। এ সময় প্রতিযোগের চার বিভাগে মোট ৬০ জনের হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন অতিথিরা। এর মধ্যে প্রাথমিক বিভাগে প্রথম স্থান লাভ করেছে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মো. ফাহিম আশফাক। সে সর্বমোট ৩৫ নম্বরের মধ্যে ৩৫-ই পেয়েছে, যা এ বছর অনুষ্ঠিত আগের সাতটি প্রতিযোগে কেউই পায়নি। আনন্দে আপ্লুত ফাহিম জানায়, সে এ ধরনের অনুষ্ঠানে প্রতিবছর অংশ নিতে চায়। সবশেষে কিশোরগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা উপস্থিত সবাইকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে প্রতিযোগের সমাপ্তি ঘোষণা করেন।