হূদয়ে নিঃসঙ্গতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রবাসী পাত্র হলেই সুপাত্র নয়’ প্রতিবেদনটি পড়তে পড়তে একটি অংশে এসে থেমে যাই—বুকের ভেতর ব্যথা জেগে ওঠে। বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করা মেয়েটি যেন আমি। প্রবাসী পাত্র মানেই ‘সুপাত্র’—এমন ধারণা নিয়ে কোনো রকম খোঁজখবর না নিয়ে তাড়াহুড়ো করে আমার চেয়ে প্রায় ২০ বছরের বড় এক পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেন আমার অভিভাবকেরা। বিয়ের সময় পাত্রপক্ষ বলেছিল, ‘বিয়ের পর মেয়েকে বিদেশ নিয়ে যাবে, সেখানে খুব ভালো থাকবে।’ বিয়ের পাঁচ মাস পর আমার স্বামী বিদেশ চলে যায়, তার পর থেকে শুরু হয় আমার অপেক্ষার পালা। আমি বছরের পর বছর স্বামীর জন্য অপেক্ষা করি, বছর চারেক পর স্বামী বিদেশ থেকে আসে এবং কয়েক মাসের ব্যবধানে আবার চলে যায়। প্রতিশ্রুতি দিয়ে যায়, অবশ্যই বিদেশ নিয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিও বুঝতে পারি, আমরা প্রতারিত হয়েছি। আমার স্বামীর যে ‘স্ট্যাটাস’ তাতে সে কখনোই আমাকে সেখানে নিতে পারবে না। আমার মনের রঙিন স্বপ্নগুলো ফিকে হয়ে আসে আস্তে আস্তে। আমার সব শখ, ইচ্ছা, আশার মৃত্যু ঘটে। আমাদের বিয়ে হয়েছে ১৭ বছর, কিন্তু আমার স্বামীকে কাছে পেয়েছি মাত্র ১৫ মাস। আমার কাছে সবকিছু মিথ্যে, অর্থহীন মনে হয়—কেন আমি বেঁচে আছি? এ কেমন নিঃসঙ্গ জীবন আমার? এমন সংসার আমি কেন করছি? এ থেকে কি মুক্তির কোনো উপায় নেই? না, নেই। কারণ, আমার দুই সন্তানের সংসার। ছেলে (১৫), মেয়ে (১২)। তাদের লেখাপড়ার খরচসহ সংসারখরচ চালাতে আমার স্বামীকে হিমশিম খেতে হয়। দেশে থেকে সংসারের ব্যয়ভার চালানো তার পক্ষে অসম্ভব। দেশে এসে কী করবে, চাকরি, না ব্যবসা? কোনোটাই সম্ভব নয়। কারণ, চাকরি করার মতো বয়স ও শিক্ষাগত যোগ্যতা কোনোটাই তার নেই। আর ব্যবসা করার মতো মুনাফাও তার নেই। তাহলে আমি কি পরিপূর্ণ সংসার কখনো পাব না? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমার দুই চোখে অন্ধকার, অনিশ্চয়তা আর হূদয়ে নিঃসঙ্গতা। তাই সব মা-বাবাকে বলি, দয়া করে সচেতন হোন। বিয়ের আগেই খোঁজখবর নিন—যেন আপনার রাজকন্যাটি অন্ধকারে হারিয়ে না যায়।’ ‘প্রবাসী পাত্র হলেই সুপাত্র নয়’ কথাটি সব সময় মাথায় রাখবেন। নাম প্রকাশে অনিচ্ছুক