মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন—এমন একজন বান্ধবীর কাছে গল্পটি শোনা। ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান বিসিপিএসের সাম্প্রতিক সমাবর্তনে একের পর এক মেডিসিন বিশেষজ্ঞ নারী চিকিৎসকদের নাম ঘোষণা করা হতে থাকলে মেয়েরা যখন সার বেঁধে এগিয়ে যাচ্ছিলেন, তখন সামনের সারির কয়েকজন পুরুষ চিকিৎসক নাকি বিস্মিত হয়ে বলছিলেন, এই মেয়েরা কোথায় যাচ্ছে? এখন তো গাইনি বিশেষজ্ঞদের ডাকেনি! বান্ধবীটি হাসতে হাসতেই বললেন, এই হলো আমাদের সহকর্মীদের মনোভাব, বাকিদের কথা বাদই দিলাম।চিকিৎসা পেশায় এ দেশে নারীদের অংশগ্রহণ ব্যাপক। দেশের বেশির ভাগ মেডিকেল কলেজের প্রতিটি শ্রেণীতে এখন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি, অথবা সমান। তার পরও নানা কারণে এ পেশার চ্যালেঞ্জিং বিষয়গুলোতে নারীদের অংশগ্রহণ এখনো পুরোপুরি সমান নয়। এখনো আমাদের মন স্ত্রীরোগ, প্রসূতিসেবা বা শিশুস্বাস্থ্যের বাইরে নারী চিকিৎসকদের দেখতে অভ্যস্ত হয়ে ওঠেনি। এখনো জটিল কোনো অপারেশন বা ইন্টারভেনশনের নেতৃত্ব কোনো নারীকে দিতে দেখলে অনেকেই ঘাবড়ে যায়। যেমন—শিমু পাল যখন কার্ডিওথোরাসিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে প্রশিক্ষণে এলেন, তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন একা। তাঁর সঙ্গে আর কোনো নারী নেই। শিমু বলেন, সত্যি বলতে কি, বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি শুরু হয়েছে দুই দশকও হয়নি। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নারী কেন, পুরুষদের মধ্যেও বেশি নেই। সামনে যত বেশিসংখ্যক চিকিৎসক এ রকম বিশেষায়িত বিষয়গুলোতে আসবেন, তত বেশি মেয়েদেরও অংশগ্রহণ বাড়বে। এ মুহূর্তে কার্ডিওথোরাসিক সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ একমাত্র নারী হিসেবে তিনি কাজ করলেও এতে প্রশিক্ষণ ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে এগিয়ে চলেছেন বেশ কয়েকজন নারী চিকিৎসক, অচিরেই আমরা তাঁদের দেখতে পাব।শিমু পাল জাতীয় হূদরোগ ইনস্টিটিউট থেকে কার্ডিওথোরাসিক সার্জারিতে স্নাতকোত্তর বা এমএস ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে ঢাকার শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে রেজিস্ট্রার পদে কাজ করছেন। এখানে হার্টের জটিল বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, শিশুদের জন্মগত হার্টের ত্রুটি অপারেশন ইত্যাদিতে সফলতার সঙ্গে অংশ নিচ্ছেন এবং নেতৃত্বও দিচ্ছেন। শিমুর মতে, কেবল সার্জারিতে নয়, সব ধরনের বিষয়েই মেয়েদের এগিয়ে আসা উচিত। যেমন—পারফিউশন বিশেষজ্ঞ, এ ধারণাটি বাংলাদেশে নতুন। এখানে বলতে গেলে কেউ-ই নেই। এ রকম বড় একটা সার্জারির পর খুব আধুনিক আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্টের দরকার হয়। বর্তমানে তার জন্য বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা তৈরি হচ্ছেন। সুখের বিষয় যে এখানেও একেবারে প্রাথমিক ব্যাচেই রয়েছেন দুজন নারী। যেকোনো কর্মজীবী নারীকে প্রায় একই ধরনের সমস্যা ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, আমাকে যতটুকু, আমার অধীনে কাজ করা নার্সকেও ঠিক ততটুকুই। ঢাকার আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি ও হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে শিমু পাল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ১৯৯৯ সালে। খুবই মজার বিষয় যে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় মূল যে তিনটি বিষয়—মেডিসিন, সার্জারি ও গাইনি-অবসটেট্রিকস, তাতে সার্জারিতেই প্রথম খারাপ করেন তিনি। এ কারণে সার্জারিতে আবার পড়াশোনা ও ট্রেনিং নিতে হয় তাঁকে। তখনই দেখলেন বিষয়টি সাধারণত মেয়েদের পছন্দের না হলেও বেশ আগ্রহোদ্দীপক এবং বেশ সহজও বটে। পরে সার্জারিতে উচ্চতর পড়াশোনার লক্ষ্যে চেষ্টা শুরু করতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় টিকে গিয়ে এমএস কার্ডিওথোরাসিক সার্জারিতে সুযোগ পেয়ে যান ২০০৩ সালে। তখনো তাঁর জানা ছিল না, মেয়েদের মধ্যে তিনিই প্রথম এই বিষয়ে স্নাতকোত্তর পড়তে যাচ্ছেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের জটিল প্রশিক্ষণ, পড়াশোনা ও পরীক্ষার সব ধাপ পেরিয়ে স্নাতকোত্তর পাস করেন গেল বছর। এ দীর্ঘ সময়ে প্রেরণা ও সাহায্যের বড় হাতটি অবশ্যই প্রিয়জনদের—বাবা, মা ও স্বামীর, তার পরে শিক্ষক ও অগ্রজ সার্জনদের। শিমুর স্বামী ময়মনসিংহ মেডিকেল কলেজে তাঁরই ব্যাচমেট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কাজ করছেন আইসিডিডিআরবিতে। ছয় মাসের একটি শিশুসন্তান আছে শিমুর। অপারেশন থিয়েটারে মুখবন্ধনী ও টুপি-গাউন পরে পূর্ণ মনোনিবেশ ও ধৈর্যসহকারে জটিল ও দীর্ঘ সার্জারি সম্পন্ন করার সময় চেতনায় কি সে থাকে? শুনে খুব হাসলেন শিমু—বেশ, আপনিও তো জানেন, যেকোনো মেয়ের মধ্যেই অনেকগুলো অংশ একসঙ্গে কাজ করে—মা, স্ত্রী, কর্মক্ষেত্রে একজন বিশেষজ্ঞ, সংসারের ঝামেলা সামলানো গৃহিণী, বন্ধুমহলে জনপ্রিয় সঙ্গী, পরিবারের নির্ভরতা—একজন নারী একই সঙ্গে সব ভূমিকাই পালন করতে পারে। শিমু পালের মা বিন্দু পাল যদিও গৃহিণী কিন্তু আজকের শিমু পাল হয়ে ওঠার পেছনে এই মায়ের অবদান কী অস্বীকার করা যায়?