হৃদরোগের হার বাড়লেও চিকিৎসার সুযোগ সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, স্থূলতা, খাদ্যাভ্যাসসহ জীবনযাত্রাবিষয়ক ঝুঁকির কারণে (রিস্ক ফ্যাক্টর) দেশে হৃদরোগের হার বাড়ছে। কিন্তু সে তুলনায় বাড়ছে না চিকিৎসাসুবিধা। আবার চিকিৎসাসুবিধা যা-ও আছে, তা বিপুলসংখ্যক দরিদ্র মানুষের সাধ্যের বাইরে। দেশে হৃদরোগের হার নিয়ে কোনো বিশদ বা সার্বিক পরিসংখ্যান বিশেষজ্ঞদের হাতে নেই। শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বছরে গড়ে ৩০ হাজার। এ ছাড়া এক লাখের বেশি রোগী সেখানকার বহির্বিভাগে চিকিৎসা নেয়। পরিসংখ্যান ব্যুরোর ২০০৬ সালের একটি জরিপে হৃদরোগের প্রকোপ সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। পাঁচ হাজার মানুষের ওপর চালানো ওই জরিপে বলা হয়, দেশে মোট মৃত্যুর ১০ শতাংশের কারণ হৃদরোগ। এতে হৃদরোগকে দেশের মানুষের মৃত্যুর চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করা হয়।আর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ২০ থেকে ২৫ শতাংশ উচ্চ রক্তচাপ, ১০ শতাংশ করোনারি বা স্কিমিক হৃদরোগ, ১ দশমিক ২ শতাংশ বাতজ্বরজনিত হৃদরোগে ভুগছে। এ ছাড়া হাজারে একজন নবজাতক জন্মগত হৃদরোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবছর হৃদরোগে বিশ্বে এক কোটি ৭৫ লাখ মানুষ মারা যায়। মোট রোগীর ২৯ শতাংশেরই মৃত্যুর কারণ হৃদরোগ। বিশ্বব্যাপী যত হৃদরোগী মারা যায়, তার ৮০ শতাংশই স্বল্প ও মধ্যম আয়ের দেশের। অপ্রতুল চিকিৎসাব্যবস্থা: কার্ডিয়াক সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী, জনসংখ্যার হিসাবে প্রায় পৌনে চার লাখের জন্য আছেন একজন কার্ডিওলজিস্ট। আর ২০ লাখ মানুষের জন্য কার্ডিয়াক সার্জন আছেন মাত্র একজন। কার্ডিয়াক অ্যানেসথেসিস্ট ও পারফিউশনিস্ট আছেন হাতেগোনা কয়েকজন।এভাবে চলতে থাকলে মৃত্যু ঘটানো রোগের মধ্যে হৃদরোগ শীর্ষে উঠে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা, দেশে হৃদরোগীর সংখ্যা প্রায় দুই কোটি। তাদের চিকিৎসার জন্য দেশে একটিমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল আছে। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে হৃদরোগের চিকিৎসা দেওয়া হলেও তা মান ও অন্যান্য বিচারে যথেষ্ট নয়। বারডেম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক শুভাগত চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের ছয়টি বিভাগীয় শহরে একটি করে বিশেষায়িত সরকারি হৃদরোগ হাসপাতাল হওয়া উচিত। এতে হৃদরোগের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হবে।কার্ডিয়াক সোসাইটির অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীরা যেহেতু ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে না, তাই সরকারকে চিকিৎসার সুযোগ বাড়াতে হবে।জীবনযাত্রার ধরনে বাড়ছে ঝুঁকি: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, স্ট্রেস বা উদ্বেগ, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম বা শরীরচর্চা না করা, ধূমপান, পরিবেশ ইত্যাদি কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যেহেতু হৃদরোগ সৃষ্টিকারী ঝুঁকি বাড়ছে, সেহেতু হৃদরোগের হারও বাড়ছে। জনবহুল এ দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিও রোগীর সংখ্যা বাড়ার একটি কারণ।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব জাতীয় অধ্যাপক আবদুল মালিক বলেন, অধিক ও অসম খাদ্য গ্রহণ হৃদরোগের অন্যতম কারণ। রক্তে কোলেস্টেরল ও এলডিএল কোলেস্টেরলের উচ্চমাত্রা, উচ্চ রক্তচাপ ও ধূমপান—এই চারটি বিষয় হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম না করা ও ধূমপান হৃদরোগের প্রধান ঝুঁকি। এসব অভ্যাস পরিবর্তন করতে পারলে ঝুঁকি ৮০ শতাংশ কমানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, তেল, ক্রিম, মাখন, চিনি, কোমল পানীয়, চকলেট, মিষ্টান্ন—এ ধরনের চর্বিজাতীয় খাদ্য বেশি খেলে হৃদরোগ হতে পারে। তবে শরীরের জন্য চর্বিজাতীয় উপাদানও যেহেতু প্রয়োজন, তাই এমন খাদ্য খেতে হবে, যাতে চর্বি পাওয়া যাবে কিন্তু হৃদরোগের ঝুঁকি থাকবে না। উদ্ভিদজাত ও মাছের তেল থেকে পাওয়া চর্বি গ্রহণ করলে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি থাকে না। তা ছাড়া শাকসবজির আঁশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়।অতিরিক্ত ওজনের ঝুঁকি: ওজন যাদের বেশি, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। এমন লোকের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা জানান, ওজন বেশি হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয়। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বেশি ওজনের শিশুদেরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক জটিলতা বাড়তে থাকে।জরিপের উদ্যোগ নেই: হৃদরোগ বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এ বিষয়ে জরিপ নেই। কর্তৃপক্ষ জানায়, এ ব্যাপারে তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। একটি সূত্র জানায়, হৃদরোগ নিয়ে জাতীয় পর্যায়ে জরিপ করার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আব্দুল্লাহ আল শাফী মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শিগগিরই জাতীয় পর্যায়ে বড় ধরনের জরিপ প্রয়োজন। হৃদরোগ পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।চাই কম খরচে পরীক্ষার ব্যবস্থা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল বিশ্বে হৃদরোগের ঝুঁকি ৮০ শতাংশ বাড়ছে। এ কারণে স্বল্প আয়ের দেশগুলোতে কম খরচে হৃদরোগ চিহ্নিত করার উপায় নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন হসপিটালের গবেষকদের উদ্ভাবিত একটি স্বল্প ব্যয়ের পরীক্ষার উল্লেখ করে শুভাগত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে এ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। তাতে হৃদরোগের চিকিৎসা অনেক কমে যাবে।’