হৃদয়ের সুরেই মিমির ‘আড়াল’
‘এক দিওয়ানা’খ্যাত কণ্ঠশিল্পী মিমির অ্যালবামের গানের সুর করছেন অ্যালবামটির সংগীত পরিচালক হৃদয় খান। ইতিমধ্যে চারটি গানের কাজ শেষ করেছেন হৃদয়। খুব শিগগিরি বাকি তিনটি গানের কাজও শুরু করবেন তিনি। মিমি জানিয়েছেন, আশা করছি সামনের মাসেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। মিমির এবারের অ্যালবামের নাম ‘আড়াল’। অ্যালবামের গানগুলোর কথা লিখছেন মিলন মাহমুদ ও গুঞ্জন চৌধুরী। আড়াল অ্যালবামে মোট গান থাকবে সাতটি। হৃদয় খান বলেন, ‘মিমি এ সময়ের মেধাবী একজন গায়িকা। কাজ করতে গিয়ে বুঝেছি, গানে তাঁর দক্ষতার বিষয়টি! তাঁর জন্য গানগুলো করেছি হিপহপ, মেলোডি ও সেমি-ক্লাসিক্যাল ধাঁচে।’মিমি বলেন, ‘হূদয় খানের সুর-সংগীতে গান করার ইচ্ছা অনেক দিনের। প্রথমদিকে চারটি গান করার কথা থাকলেও এখন পুরো অ্যালবামটি তাঁর সুরেই করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো অ্যালবামটি হৃদয়ের সুরে করতে পেরে দারুণ ভালো লাগছে। সব গানেই বৈচিত্র্য আছে।’মিমি আরও জানান, খুব শিগগির আড়াল অ্যালবামের একটি গানের ভিডিও নির্মিত হবে। এটি বানাবেন গাজী শুভ্র। উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিমির এটা দ্বিতীয় একক অ্যালবাম। তাঁর প্রথম অ্যালবাম ‘দিওয়ানা’ প্রকাশিত হয় ২০০৯ সালে। অ্যালবামের টাইটেল গানটি বেশ জনপ্রিয় হয়।