হে নূতন, দেখা দিক আর-বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ...’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীর মতোই গতকাল তিনি যেন আবার নতুন করে ফিরে এসেছিলেন বাঙালির মনে, মননে, চিন্তায় ও চর্চায়। কবিগুরুর জন্মদিনে রাজধানী ঢাকাসহ সারা দেশ তাঁর কালজয়ী সুর-ছন্দে স্পন্দিত হয়ে ওঠে।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ছায়ানট ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শীর্ষক বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে বিশেষ আয়োজন ছিল সারা দেশে সকাল সাড়ে ছয়টায় একই সময়ে ‘হে নূতন, দেখা দিক আর-বার’ গানটি গেয়ে কবির প্রতি জন্মদিনের শ্রদ্ধা নিবেদন। সারা দেশে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা শাখার শিল্পীরা নিজ নিজ জেলায় গানটি পরিবেশন করেন।বৈশাখের সূর্য তখন মাত্র উদিত হয়েছে পুবের আকাশ রাঙিয়ে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছেন রবীন্দ্রানুরাগীরা। অনেকের গায়ে কবির নানা বয়সের প্রতিকৃতি অঙ্কিত পোশাক। সাড়ে ছয়টা বাজতেই ছায়ানটের শিল্পীরা সমবেতকণ্ঠে গাইলেন, ‘হে নূতন, দেখা দিক আর-বার’ গানটি।ছায়ানটের শিল্পীদের সঙ্গে এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানের শ্রোতারাও কণ্ঠ মেলান। সকালের পর্ব শেষ হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।পরবর্তী আয়োজন বসে ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তনে। ‘আলাপ-আলোচনার আসর’ শীর্ষক এই আয়োজনের সঞ্চালকের ভূমিকায় ছিলেন সংগঠনের সভাপতি সন্জীদা খাতুন। আলোচনায় অংশ নেন সনৎকুমার সাহা, আহমদ রফিক ও আবুল মোমেন। পরে ‘আত্মশক্তি অর্জনের পথ’ শীর্ষক বিশেষ বক্তৃতায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সন্ধ্যায় ‘এসো আনন্দিত মিলন অঙ্গনে’ শীর্ষক আয়োজনে সম্মেলক গান, পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা।শুরুতে ছিল সম্মেলক গান, ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’। পরে একক কণ্ঠে মিতা হক পরিবেশন করেন, ‘তোমারি তরে মা’, ‘তোমায় আমায় মিলন হবে ব’লে’, লাইসা আহমদ, ‘বাজাও রে মোহন বাঁশি’, ‘মম দুঃখের সাধন’, শাহেদ ইমাম, ‘তোমায় নতুন করে পাব বলে’, ‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’, ইলোরা আহমেদ, ‘অসীম ধন তো আছে’, আজিজুর রহমান, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘মাটির প্রদীপখানি’, তানিয়া মান্নান, ‘জানি জানি কোন্ আদিকাল হতে’ গানগুলো গেয়ে শোনান।সম্মেলক গানের মধ্যে ছিল ‘সর্ব খর্বতারে দহে’, ‘বাণী তব ধায়’, ‘পারবি না কি যোগ দিতে’, ‘তবে আয় সবে আয়’, ‘আজি শুভদিনে পিতার ভবনে’ ইত্যাদি গান। সর্বশেষ সম্মেলক কণ্ঠে ‘বিশ্ব-বীণারবে বিশ্বজন মোহিছে’ গানের সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এই আয়োজন।