হে ফেস্টিভ্যালের সমাপনী আজ
হে ফেস্টিভ্যালের আজ তৃতীয় ও শেষ দিন। উৎসবে আজ দিনের শুরুতে রয়েছে ক্রিকেট নিয়ে অধিবেশন। সকাল ১০টায় বাংলা একাডেমীর মূল মিলনায়তনে সন্দ্বীপ রায়ে সঞ্চালনায় এ অধিবেশনে অংশ নেবেন শিহান করুনাতিকালা, ক্যামিলা শামসি ও খাদেমুল ইসলাম। একই সময়ে সেমিনার কক্ষে রয়েছে ওয়ান বিলিয়ন রাইজিং শীর্ষক অধিবেশন। এতে অংশ নেবেন নন্দিতা দাশ, তাসাফি হুসেইন, নাহিদ সুলতানা প্রমুখ। একাডেমী প্রাঙ্গনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে রাইজ অ্যান্ড শাইন অধিবেশন। এতে অংশ নেবেন সাজিয়া ওমর ও মেরিল খান। বেলা ১১টায় মূল মিলনায়তনে রয়েছে পাবলিশিং ট্রেন্ডস ইন সাউথ এশিয়া অধিবেশন।এটি সঞ্চালনা করবেন রুবানা হক। একই সময়ে সেমিনার কক্ষে সুন্দরবনের ওপর ইহতিশাম কবির চৌধুরীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে একাডেমী প্রাঙ্গণে রয়েছে লালসালু পাঠ। একই স্থানে বেলা সাড়ে ১১টায় আইইউবির নতুন জার্নাল ক্যাওস-এর প্রকাশনা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সেমিনার কক্ষে লাইফলাইনস অধিবেশনে সঞ্চালনা করবেন মাহমুদ রহমান। একই সময়ে মূল মিলনায়তনে দুই বাংলার সাহিত্যের হালচাল অধিবেশনে সঞ্চালনা করবেন সাজ্জাদ শরিফ। এতে অংশ নেবেন সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, দেবাশীষ রায়। একই সময়ে একাডেমী প্রাঙ্গণে ওপেন মাইক অধিবেশনে সঞ্চালনা করবেন জ্যাকি কবীর। এতে ওপেন মাইক বিজয়ীরা তাঁদের গল্প ও কবিতা আবৃত্তি করবেন। দুপুর একটায় মূল মিলনায়তনে বিকামিং আ রাইটার অধিবেশনে অংশ নেবেন ফিলিপ হেন্সার, কায়সার হক, মোহাম্মদ হানিফ ও লুসি হ্যানা। একই সময়ে সেমিনার কক্ষে আমাদের বাংলা অধিবেশনে সঞ্চালনা করবেন শামীম রেজা। এ সময় একাডেমী প্রাঙ্গণে পোয়েট্রি থু্র অ্যাজেস রয়েছে। বেলা পৌনে দুইটায় মূল মিলনায়তনে ট্যাবুস অধিবেশনে সঞ্চালনা করবেন ফিরদৌস আজিম। অংশ নেবেন নন্দিতা দাশ, অরুন্ধতী সুব্রামানিয়াম প্রমুখ।বেলা পৌনে তিনটায় মূল মিলনায়তনে কতখানি কল্পনা, কতখানি বিজ্ঞান অধিবেশনে সঞ্চালনা করবেন অনিক খান। অংশ নেবেন মুহম্মদ জাফর ইকবাল। বিকেল সাড়ে চারটায় মূল মিলনায়তনে শেক্সপিয়ার অধিবেশনে বক্তব্য দেবেন ক্যামিলা শামসি। তাঁর বক্তব্যের পর হ্যামলেটের ওপর ভিত্তি করে নাটক দর্পণ মঞ্চস্থ হবে। বিকেল সাড়ে পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে মূল মিলনায়তনে রবীন্দ্রনাথের শাপমোচন মঞ্চায়ন করবে পল্লবী ড্যান্স গ্রুপ। সমাপনী বক্তব্য দেবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। লালন শাহর গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।