হে শিক্ষক, তুমি নাকি পিতার মতো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অধিকারের গত সংখ্যায় ‘অনেক দুঃখ নিয়ে আমি চলে যাচ্ছি’ শিরোনামে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী মধুসূদন চক্রবর্তীর আত্মহত্যার ঘটনা ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে অসংখ্য পাঠক চিঠি ও ই-মেইলে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এ থেকে কয়েকটি সংক্ষেপে ছাপা হলো। সব কটি ছাপাতে না পারায় আমরা দুঃখিত।১.মধুর ঘটনাটি খুবই বেদনাদায়ক। খবরটি আরও বেশি আলোড়িত করে তোলে আইন অধিকার। ওই শিক্ষকদের শাস্তি হওয়া উচিত। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একজন ছাত্র ২.আমি এবার রুয়েটে ভর্তি হয়েছি। লেখাটি পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা শিক্ষার্থীরা কত কষ্ট করে একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হই। কিন্তু এরপর যদি এমন নির্মম সমাপ্তি হয়, তাহলে আর কিছু বলার থাকে না। কী অপরাধ ছিল মধুসূদনের? কেন একজন শিক্ষক তাঁকে অপমান করলেন? তোতলা হওয়াটা কি একজন চিকিৎসক হওয়ার পথে একমাত্র বাধা? এত দিন মধুসূদন কষ্ট করে তাঁর বাকপ্রতিবন্ধিতা জয় করে একটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন, তাঁর কঠোর পরিশ্রমের কী পুরস্কারটিই না দেওয়া হলো তাঁকে! সত্যিই কেউ বুঝবে না আমাদের কষ্ট! নাহিদুজ্জামান, রাজশাহী৩.আমার আজ খুব খারাপ লাগল এ জন্য যে আমি যে বাগানে আছি, সেই বাগান থেকে আমার সহযাত্রী অন্য একটি ফুল শুধু বাগানের মালীদের অবহেলার কারণে ঝরে গেল। ধিক্ জানাই সেসব মালীকে! মধু বাবার বাধ্যগত সন্তান হতে চেয়েছিলেন, তিনি বিখ্যাত হতে চেয়েছিলেন। মনে পড়ে মেডিকেলে ভর্তির জন্য আমাকে কতটা পরিশ্রম, সাধনা করতে হয়েছে, মধুসূদন কি তা করেননি? করেছেন। কিন্তু বর্তমানে মেডিকেল শিক্ষাব্যবস্থা আমাদের কতটা ভোগাচ্ছে, তা শুধু আমরা যাঁরা মেডিকেলের শিক্ষার্থী, তাঁরাই ভালো বলতে পারব। আমি বিশ্বাস করি, এ চাপ সইতে না পেরে মধুর মতো ছেলেরা আত্মহননের পথ বেছে নিয়েছেন।মো. শহীদুল ইসলাম, সিলেট ৪.মধুর মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া উচিত। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে সত্য ঘটনা তাঁরা নিজের মুখেই স্বীকার করবেন। আমার মনে বারবার একটি প্রশ্নই আসছে, চিকিৎসক হতে কি দ্রুত কথা বলা জরুরি? সরকারের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।অপু৫.আসলে আমরা নিজেদের অনেক বড় মনে করি এবং যাঁরা প্রতিবন্ধী, তাঁদের নিয়ে ঠাট্টা-তামাশা করি। আসলে মধুসূদন ভাই আমাদের লজ্জা দিয়ে গেলেন। ভাইয়ার মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের শাস্তি হওয়া উচিত।আসাদুল হাশেম৬.আমি জহিরুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্র। আমরা সবাই এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। একজন শিক্ষক পিতার মতো, আর এখানে কী ঘটল?পার্থ প্রতিম, কিশোরগঞ্জ৭.আইন পাতায় প্রতিবেদনটি পড়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়েছি কিন্তু মন বসেনি। মধুসূদনকে যেন ঈশ্বর স্বর্গবাসী করেন এবং তাঁর পরিবারের সবার জন্য রইল সহমর্মিতা।অমিত, সিলেট৮.কেন মধুকে বিদায় নিতে হলো? মধুকে অপমানিত হতে হলো? শিক্ষক নামের ওই সব অমানুষের কেন বিচার হবে না? প্রচণ্ড ঘৃণা করি ওই সব সহপাঠীকে, যাঁরা মধুকে পৃথিবীর মায়া থেকে অজানার দেশে পাঠালেন। শাহরিয়ার আহমেদ, আইইউটি৯.আমি মেডিকেলের একজন ছাত্র। এ ধরনের সমস্যায় আমিও পড়েছি। যখন কেউ এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন, তখন ব্যাপারটি তাঁর জন্য খুব যন্ত্রণার।শরীফ, চট্টগ্রাম১০.মধুসূদনকে যাঁরা হত্যা করেছেন, সেই শিক্ষক ও ছাত্রদের শাস্তির ব্যবস্থা করা উচিত। মানুষের মন যে এত নোংরা হতে পারে, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওই শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।আজিজ তোফায়েল১১.আইন অধিকারে প্রকাশিত মধুসূদনের ওপর লেখাটা পড়ে মনের অজান্তেই কখন যে চোখে জল চলে এসেছে, বুঝতে পারিনি। আমি নিজেকে মধুসূদনের মায়ের স্থানে কল্পনা করে দেখলাম, কী অসহনীয় বেদনাদায়ক সেই কষ্ট! ওই শিক্ষক কি স্টিফেন হকিংয়ের কথা ভুলে গেছেন? তিনি শুধু নিজেকে হত্যাকারী হিসেবে প্রমাণ করেছেন। আমাদের সমাজে এ ধরনের শিক্ষক বিষাক্ত সাপের মতো।শিশির নাহার, ঢাকা১২.আমিও একজন শারীরিক প্রতিবন্ধী। জানি, স্কুল-কলেজে কী ধরনের আচরণ করা হয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে। আমরা চাই, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে আচরণ করা হবে, এ বিষয়ে একটি আচরণবিধি তৈরি হোক।সাবরিনা সুলতানা, সভাপতি, বি-সক্যান১৩.মধুসূদন চক্রবর্তীর চিরকুটটি পড়ে মনে হচ্ছে, প্রতিবন্ধীদের অশিক্ষিত লোকেরা শুধু রাগায়। কিন্তু শিক্ষিত নামের অশিক্ষিত লোকেরা এভাবে অপমান করে—এ কথা ভাবলে মনের মধ্যে অসংখ্য ঘৃণা জন্ম হয়। ভাবতে অবাক লাগে, ওই শিক্ষিত লোকেরা মানুষ না অমানুষ। দেশে শিশু শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের নীতিমালা হাইকোর্ট থেকে যেভাবে দেওয়া হয়েছে, প্রতিবন্ধীদের সঙ্গে আচরণের একই রকম নীতিমালা চালু করা দরকার। তাহলে যে অপমানে মধুসূদনকে জীবন দিতে হয়েছে, এভাবে দেশের আর অন্য কোনো আলো ও আশার মুখ অকালে ঝরে পড়বে না। নীরব আহাম্মেদ, জামালপুর১৪.আমি মেডিকেল কলেজের একজন ছাত্রী। মধুসূদনের লেখাটা পড়ে নিজেকে ওই স্থানে কল্পনা করেছি। এত যোগ্যতাসম্পন্ন একটি মেধাবী ছেলে অকালে প্রাণ দিল! ধিক্কার জানাই তাঁদের! এখনই এসব পাষণ্ডকে শাস্তি দিতে হবে। যেন আর কোনো মধুসূদন অকালে মারা না যায়।নিবেদিতা ১৫. দোষী শিক্ষককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শিক্ষকদের মূল দায়িত্ব হচ্ছে ছাত্রদের উৎসাহিত করা, তাঁদের অপমান করা নয়। একজন শিক্ষক যদি না জানেন কীভাবে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর সঙ্গে আচরণ করতে হবে, তবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ও লজ্জার। জাহিদ জিয়া, খুলনা