হে সাহিত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে ঢাকায় একটি আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হয়েছে। আয়োজকদের প্রতিশ্রুতির নড়চড় না হলে বাংলাদেশের সাহিত্যজগতের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন। গত ১৫ থেকে ১৭ নভেম্বর বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব: ‘হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০১২’। মূল আয়োজক ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের পক্ষে প্রধান সহযোগী ছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার। বাংলা একাডেমী এই উৎসবকে স্বাগত জানিয়েছিল নিজের প্রাঙ্গণ ও নতুন ভবনটি বিনা খরচে ব্যবহারের সুযোগ করে দিয়ে। যাত্রিক নামে একটি দেশীয় প্রতিষ্ঠান আর প্রথম আলোও এ আয়োজনের সক্রিয় সহযোগী ছিল।হে সাহিত্য উৎসবের সূচনা ২৫ বছর আগে যুক্তরাজ্যের অয়েলস রাজ্যে। অয়েলসের উয়ি নদীর তীরবর্তী হে নামের এক শহরে ব্যক্তিগত উদ্যোগে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল যে উৎসব। দিনে দিনে এর পরিধি বেড়েছে। এখন এটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর চার মহাদেশে। ২০১২ সালে এ উৎসব হয়েছে আফ্রিকার কেনিয়ায় এবং স্পেন, মেক্সিকো, তুরস্ক ও ঢাকায়।বাংলাদেশে হে সাহিত্য উৎসব প্রথমে পরীক্ষামূলকভাবে অনুষ্ঠিত হয় ২০১১ সালের নভেম্বরে, ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক দিনের ওই অনুষ্ঠানে কয়েকটি দেশের লেখক-প্রকাশকেরা অংশ নিয়েছিলেন। ২০১২ সালে শুরু হলো এর নিয়মিত যাত্রা। আয়োজকেরা বলেছেন, প্রতিবছরই ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর সন্ধ্যায় বাংলা একাডেমীর নতুন ভবন মিলনায়তনে প্রচুরসংখ্যক মানুষের উপস্থিতিতে হে সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান থেকে আসা প্রায় ৩০ জন ও বাংলাদেশের শতাধিক কবি-লেখকসহ প্রচুরসংখ্যক সাহিত্যানুরাগী। অধ্যাপক আনিসুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আলোচনার সূত্রপাত করেন। তারপর বক্তৃতা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জনপ্রিয় ভারতীয় ঔপন্যাসিক বিক্রম শেঠ, যুক্তরাজ্যের ঔপন্যাসিক ফিলিপ হেনশার, পাকিস্তানি ঔপন্যাসিক ও সাংবাদিক মোহাম্মদ হানিফ, প্রকাশনা সংস্থা হারপার কলিন্স ইন্ডিয়ার প্রতিনিধি বি কে কার্তিকা প্রমুখ।পরের দুদিন চলে মূল উৎসব: বাংলা একাডেমীর প্রাঙ্গণজুড়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে স্টলে বই বিক্রি আর বিভিন্ন মঞ্চে, মিলনায়তনে, কক্ষে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কবি-লেখকদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। দেবেশ রায়, সৈয়দ শামসুল হক, বিক্রম শেঠ, মোহাম্মদ হানিফ, ফিলিপ হেনশারের অংশগ্রহণে অনুষ্ঠিত অধিবেশনগুলো ছিল ভীষণ উপভোগ্য। উৎসবের আয়োজকদের একজন, লন্ডনবাসী বাংলাদেশি ঔপন্যাসিক, তাহমিমা আনাম আমাকে বলেন, ‘এ উৎসবের আয়োজন করা হয়েছে বাংলা সাহিত্য ও বাংলা ভাষার লেখকদের বৈশ্বিক পরিমণ্ডলে উপস্থাপনের উদ্দেশ্যে।’ সৈয়দ শামসুল হক এক আলাপচারিতায় আমাকে বলেন, ‘যদিও হে সাহিত্য উৎসব মূলত ইংরেজি ভাষায় যাঁরা লেখেন তাঁদের কেন্দ্র করে, তবু বাংলা সাহিত্যের জন্য বিশ্বের জানালা এর মধ্য দিয়ে খুলে যাবে।’ অসুস্থতার কারণে রাজশাহী থেকে এসে উৎসবে যোগ দিতে পারেননি কথাশিল্পী হাসান আজিজুল হক। তিনি আমাকে টেলিফোনে বলেন, ‘এই উৎসব আমাদের সাহিত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অসাধারণ স্তম্ভ ও সম্ভারগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরজা খুলে যাক।’ মশিউল আলম