হেঁটে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোক কৃত্রিম পা, তবু আবার হেঁটে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে লিমন। আজ বুধবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) লিমনকে দেখতে গেলে সে এই স্বপ্নের কথা জানায়।গতকাল মঙ্গলবার মধ্যরাতে লিমনকে বরিশালের শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে আনা হয়। সে এখন ইএফ ওয়ার্ডে চিকিত্সাধীন। তাকে তত্ত্বাবধানকারী চিকিত্সক মো. মোফাখখারুল বারী বলেন, লিমনের পায়ের ক্ষত ৯৫ শতাংশ শুকিয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পুরো ক্ষত শুকিয়ে যাবে।সুলতানা কামাল লিমনের চিকিত্সার খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার পরিচালক নূর খান ও উপপরিচালক মিনা গোস্বামী। সুলতানা কামাল বলেন, ‘অনেকেই র্যাবের বর্বরতার শিকার হয়েছে। তাদের অনেকের খবর আমরা জানি না। তোমার খবরটা আমাদের কাছে এসেছে। শুধু আমরাই নই, সারা দেশের মানুষ তোমার সঙ্গে ছিল।’ এ সময় লিমন বলে, ‘প্রথম আলো, আপনি ও সারা দেশ আমার সাথে আছে। আগে দুঃস্বপ্ন দ্যাখতাম। অ্যাহন আর ভয় করি না। অ্যাহন স্বপ্ন দেহি, কৃত্রিম পা নিয়ে আবার কলেজে যাইতে পারব।’লিমন জানায়, কাটা পায়ে এখনো ব্যথা রয়েছে। এর আগেও এখানে সে ভালো চিকিত্সা পেয়েছে। এর পরও পঙ্গু হাসপাতাল ছাড়া দেশে আরও উন্নত চিকিত্সার সুযোগ থাকলে সেখানে তাকে ভর্তি করানোর দাবি জানায় সে।লিমন বলে, ‘র্যাব আমার ওপর অন্যায় করেছে। আবার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। র্যাবের মহাপরিচালকই স্বীকার করেছেন আমি ঘটনার শিকার। তাহলে আমার বিরুদ্ধে সাজানো মামলা কেন প্রত্যাহার করা হবে না।’চিকিত্সক মোফাখখারুল বারী বলেন, আজ লিমনের ব্যান্ডেজ খুলে ড্রেসিং করা হয়েছে। হাত-পা হারানোর পর কাটাস্থলে ছয় মাস ব্যথা থাকে। এখন লিমন ক্র্যাচে ভর করে হাঁটবে। তিন মাস পর তার কৃত্রিম পা সংযোজন করা যাবে। এর আগে তাকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে এবং কাটা অংশ কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, যাতে ঘষা বা আঘাত না লাগে।