হেই সামালো ধান হো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে খাসালত নামের ধান নিয়ে নানা আলোচনা হচ্ছে। গত আগস্ট মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত এক নিবন্ধে এই ধানের ফসফরাস সংবেদী জিনের কথা জানা যায়, যা ধানের ফলন ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। একই প্রবন্ধে এটিকে ‘ভারতীয় বুনো ধান’ বলা হলে তা নিয়ে আপত্তি জানান বাংলাদেশের বিজ্ঞানীরা। অবশেষে এটির উৎসের যথাযথ স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিজ্ঞানীকুল। ধান আর ধানের লড়াই নিয়ে লিখেছেন মুনির হাসান অন্যের ভালো করে যেখবরটি যে ছাপা হবে তা অনেক বিজ্ঞানীই জানতেন। সিলেট অঞ্চলের ধান খাসালতের (অনেকে এর উচ্চারণ কাচালত এবং অনেকে খাসালাথও লিখেছেন। তবে, সিলেট অঞ্চলের ভাষার সঙ্গে সংগতি রেখে বাংলায় এটি খাসালতই হবে বলে মনে করা হয়) নানা গুণের কথা ওই অঞ্চলের লোকেরা জানতেন অনেক বছর ধরে। উচ্চফলনশীল ধানের আবির্ভাবের পর খাসালতও অন্য চমৎকার সব ধানের সঙ্গে হারিয়ে যেতে শুরু করে। সিলেটের কানিহাটি অঞ্চলের সন্তান, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর মনে আছে তাঁর ছেলেবেলার কথা। সে সময় তাঁদের কানিহাটিতেই খাসালত ধানের চাষ হতো। এই ধানের লতাটি লম্বা বলে একে ‘কাচালতা’ও বলা হতো। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে (আইআরআরআই) বাংলাদেশের যে কয়টি ধানের জার্মপ্লাজম আছে, খাসালত তার একটি। ২০০৫ সালে খাসালত ফিরে আসে আন্তর্জাতিক আলোচনায়। ফিলিপাইনে সে বছরের আন্তর্জাতিক ধান কংগ্রেসে জাপানি ধানবিজ্ঞানীরা একটি মজার তথ্য তুলে ধরেন। তাঁরা জানান, খাসালত একটি চমৎকার ধান। এটি কেবল নিজে যে ভালো তা নয়, এটি অন্য ‘ধান’কেও ভালো করতে পারে। একটি ধান যে অন্য ধানকে ভালো করতে পারে, সেটি কৃষককুল ভালোই জানেন। সেই আদিকাল থেকে কৃষকেরা প্রাকৃতিক সংকরায়ণের জন্য পরিবেশ সৃষ্টি করতেন। সে কারণে আমাদের দেশে হাজার জাতের ধানের সৃষ্টি হয়েছে। জাপানিরা দেখেছে খাসালতের সঙ্গে তাদের সুসি ধানের সংকরায়ণ করলে সুসি আরও উন্নত হয়। অনেকেই হয়তো জানেন, সুসি ধানের চাষ এবং সেই খেতের নিবিড় পরিচর্যা করাটা জাপানের কৃষকদের জন্য এক বড় সাধনা। পর্যবেক্ষণে খাসালতের ‘ভালোত্বের’ খবর জানা গেলেও এর কারণটা জানা যায়নি। আর সেই কংগ্রেসে জাপানি বিজ্ঞানীরা খাসালতকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ বলে উল্লেখ করেন। সেই কংগ্রেসে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের দলে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ চৌধুরী। ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) তখনকার মহাপরিচালক। ছোটবেলার কথা স্মরণ করে ড. আবেদ চৌধুরী জাপানিদের ‘ভারতীয়’ দাবির বিরোধিতা করেন। কারণ, আবেদ চৌধুরী জানতেন ‘খাসালতের প্রত্যাবর্তন’ শুরু হয়েছে। আর সজাগ না থাকলে সেটির মালিকানা হাতছাড়া হয়ে যেতে পারে।হাজার জাতের ধান২০০৪ সালে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর সঙ্গে আমার পরিচয়, গণিত অলিম্পিয়াডকে কেন্দ্র করে। গণিত আর বিজ্ঞানের কারণে আমাদের সখ্য প্রগাঢ় হয় এবং একসময় আমি আবিষ্কার করি ধানের প্রতি আমারও প্রবল ভালোবাসার জন্ম হয়েছে। আমাদের একটি গণিত উৎসবে আমরা বার্ষিক স্লোগান হিসেবে বেছে নিই ‘আমাদের ধান, আমাদের মান’। আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি প্রায়ই এমন ধানের কথা বলতাম, যা বর্ষায় নুয়ে পড়ে না, খরায় পুড়ে যায় না। মাঠ থেকে পানি নেমে গেলে মাত্র ৬০ দিনেই পূর্ণাঙ্গ ফসল দিতে পারে। সে সময়ই জানতে পারি এমন একটা ধান আসলেই আমাদের ছিল। ‘ষাইট্টা’ নামের ওই ধান হতো ৬০ দিনেই!এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে হরিপদ কাপালির হরিধান। ড. চৌধুরী বুঝতে পারেন, এই ধানের নানা বৃত্তান্ত আমাদের জেনে ফেলা দরকার। সেই সময়ে গণিত অলিম্পিয়াডের মুভার্স জাবেদ সুলতান দৌড়ান কালীগঞ্জে। নিয়ে আসেন হরিধান এবং স্বর্ণা। রাউজান-১ আর রাউজান-২ ছদ্মনাম নিয়ে সেগুলো চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে (রাউজান আমার গ্রামের বাড়ি)। বিজ্ঞানী জেবা আহমেদ সেরাজের তত্ত্বাবধানে উন্মোচিত হয় হরিধানের কৌলিক বৈশিষ্ট্য। আমরা জেনে যাই হরির ধানও উন্নত বৈশিষ্ট্যের। সে সময় মৌলভীবাজার জেলার শমশেরনগর ইউনিয়নের কানিহাটিতে আবেদ চৌধুরীর বাড়িতে গিয়ে প্রথম আমি স্বাদ পাই সমুদ্রফেনা, লাল বিরইন চালের। ইতিমধ্যে পাকাপাকিভাবে দেশেই কাজ শুরু করেছেন আবেদ চৌধুরী। শুরু করেছেন পুরোনো ধানগুলোকে ‘জীবিত’ করার কাজ। পাশাপাশি নতুন জাতের ধান উদ্ভাবনের। তাঁর সঙ্গে সখ্যের কারণে আমার জানা হয়ে যায়—সমুদ্রফেনা, বুড়িমারি, কলমিলতা, ঠাকুরভোগ, দুধমাছি, নয়নতারা, চম্পাকলি, কার্ত্তিক শীল, লক্ষ্মী বিড়ালি, তুলসীমালা, লাল বিরইন, ভিন্নাকারি, কাইমা, দুমাই, ময়না সাইল, বাসমতি, কালিজিরা, রাতা বোরো, টিফি বোরো প্রভৃতি ধানের নাম। আর জানতাম খাসালতের কথা। সিলেট অঞ্চলে খাসালতকে খোঁজা অব্যাহত রেখেছেন আবেদ চৌধুরী। আর নানা বক্তব্যে আমি বলে বেড়াতাম খাসালত আমাদের ধান। আমাদের ধান, আমাদের মানআজ থেকে সোয়া শ বছর আগে, ব্রিটিশ ভারতের লোকেরা জানতেন ভারতীয় উপমহাদেশে প্রায় ৩০ হাজার জাতের ধান রয়েছে। আর ধানের বৈচিত্র্যের সম্ভার হচ্ছে পূর্ববাংলা। তাই ১৯১১ সালে ব্রিটিশ অর্থনৈতিক উদ্ভিদবিজ্ঞানী জে পি হেক্টর প্রতিষ্ঠা করেন ঢাকা ফার্মের। আমি খুব নিশ্চিত নই (আমি ইতিহাসবিদ নই) যে ঠিক কোথায় তাঁর ব্রিডিং সেন্টারটি ছিল। তবে আবেদ চৌধুরীর ধারণা, এটি সম্ভবত এখন যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে। ১৯১১ সালেই অবিভক্ত ভারতবর্ষে প্রথম ধান ব্রিডিংয়ের সূচনা। এর পরের বছর ১৯১২ সালে ব্রিটিশ সরকার মাদ্রাজে একজন ধান বিশেষজ্ঞকে নিয়োগ দেন। ১৯২৯ সালে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) প্রতিষ্ঠার আগ পর্যন্ত বাংলা (এখনকার বাংলাদেশ) আর মাদ্রাজেই ধান নিয়ে গবেষণা হতো! হেক্টর সাহেব কিছুদিনের মধ্যে বুঝতে পারেন যে ধানের বৈচিত্র্য রয়েছে আসলে সারা বঙ্গে এবং সেটির নানা রূপ দেখার জন্য সিলেটই হলো আদর্শ। তখন তিনি তাঁর ফার্মের দুটি নতুন কেন্দ্র প্রতিষ্ঠা করেন সিলেট অঞ্চলে। যার একটি এখনকার হবিগঞ্জে এবং অন্যটি এখনকার করিমগঞ্জে (১৯৪৭ সালের পর করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হয়)। ১৯২৫ সালে হেক্টর সাহেব পাঁচটি জাতের ধানের বীজ পাঠান যুক্তরাষ্ট্রে, করিমগঞ্জ ফার্মের নামে। এরই একটি খাসালত। সম্ভবত আমাদের ওই বীজ ধান দিয়ে শুরু হয় আমেরিকার ধানশিল্প। ১৯৬০ সালে ইরি (আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট) প্রতিষ্ঠা পাওয়ার পর মার্কিনিরা ওই ধানের জার্মপ্লাজম দেয় ম্যানিলায়। সেই জার্মপ্লাজম থেকেই জাপানিরা তাদের জন্য খাসালতকে খুঁজে নিয়েছে। করিমগঞ্জ যেহেতু বর্তমানে ভারতে পড়েছে, কাজেই তারা ধরেই নিয়েছে খাসালত তা হলে কেবল ভারতেই হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটি হয় বাংলাদেশের মৌলভীবাজার, কমলগঞ্জ, রাজনগর, ছাতক, গোলাপগঞ্জ, কুলাউড়া এবং ভারতের করিমগঞ্জে।১৯৩০-এর দশকে হেক্টর সাহেব ভারতের ধানের জাতের আরও একটি ক্যাটালগ তৈরি করেন। তাতে তিনি উল্লেখ করেন সে সময় প্রায় ২০ হাজার জাতের ধানের চাষ হতো এই উপমহাদেশে! বাংলাদেশ হওয়ার পর, ১৯৮২ সালে বিআরআরআই আমাদের দেশের ধানের জাত এবং সেগুলোর তালিকা চূড়ান্ত করেন। দেখা যাচ্ছে, আমাদের ধানের জাত হলো ১২ হাজার ৪৮৭টি! সংখ্যাটি মাথায় গেঁথে রাখা জরুরি। কারণ, কোরিয়ায় ধানের জাত রয়েছে দুই হাজারটি। ১৯০৬ সালে তাইওয়ানে ছিল মাত্র এক হাজার ৬৭৯ জাতের ধান। আর ইরির জিন ব্যাংকে আছে এক লাখ ১৫ হাজার জাতের ধানের জিন! ১৯৮২ সালে ধান গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত হাজার জাতের ধান নামের বইয়ে এই তালিকার অংশবিশেষ পাওয়া যাবে।মাঠে ফিরেছে খাসালতএদিকে অব্যাহত ছিল খাসালতকে খুঁজে পাওয়ার কাজ। বিভিন্ন বাজারে ঢোল বাজিয়ে বৃহত্তর সিলেটের প্রায় সব গ্রামে লোক পাঠিয়ে পাত্তা লাগানো হয় খাসালতের। অবশেষে জানা যায়, কুলাউড়ার জুড়িতে এখনো চাষ হয় খাসালত ধানের। সেখান থেকে খাসালতকে নিয়ে আসা হয় কানিহাটিতে। গত ২৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে খাসালতসহ লুপ্তপ্রায় কয়েকটি ধান ফিরিয়ে দেওয়া হয় কৃষকের হাতে। আমার দৃঢ় বিশ্বাস, করিমগঞ্জ এলাকার কোথাও এখন আর খাসালতকে পাওয়া যাবে না।সামনের দিনেইতিমধ্যে খাসালতের ওপরে আমাদের দাবি প্রতিষ্ঠা পেয়েছে। মাঠে চাষাবাদের জন্যও খাসালতকে কৃষকের কাছে ফিরিয়ে দিয়েছি। তবে এটিই যথেষ্ট নয়। ৬০ দিনের ষাইট্টা বা ৪৮ দিনের ছোট বিরইন ধান আবার খুঁজে পাওয়ার চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। ধারণা করা যায়, পুরোনো ধানগুলোর মধ্যে খরাসহিষ্ণু, বন্যা প্রতিরোধী কিংবা লবণাক্ততা প্রতিরোধী ধানও থাকবে। আমাদের দরকার হবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয়। হাজার জাতের ধানের বৈচিত্র্যের জিনগত কারণ খুঁজে বের করা। তারপর প্রয়োজনীয় কেরামতি শেষে আমরা সেগুলো ফিরিয়ে দিতে পারব আমাদের কৃষকদের কাছে। আমাদের ঐতিহ্যবাহী অনেক ধান এখন জয়দেবপুরসহ বিভিন্ন দেশের ফ্রিজে সংরক্ষিত রয়েছে। একটু উদ্যোগ নিলেই হয়তো এগুলো আবার মাঠে ফিরিয়ে নিতে পারব। বাংলাদেশের কমবেশি ৮৭ হাজার গ্রামের প্রতি সাত-আটটি গ্রামে যদি এক জাতের ধান চাষ করা হয়, তা হলেই আমরা ১০ হাজার জাতের ধানকে টিকিয়ে রাখতে পারব। কাজটা মোটেই কঠিন নয়।তবে এর পাশাপাশি নতুন ধানও আমাদের বের করতে হবে। এর কোনোটি হরিপদ কাপালির মতো মাঠবিজ্ঞানী খুঁজে পাবেন এবং আলাদা করবেন। কোনোটি আবেদ চৌধুরীর মতো জিনবিজ্ঞানীর তত্ত্বাবধানে বিকশিত হবে, একবার চাষ করলে তিন বার ফসল দেবে। আবার কোনটির জন্ম হবে কোনো এক বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের গবেষণাগারে! হাজার জতের ধান আমাদের অহংকার, আমাদের মানও। সেই ধান কারও হাতে তুলে দেওয়া যাবে না। এই জন্য আমাদের দরকার দ্রুততার সঙ্গে ভৌগোলিক নির্দেশক আইন তৈরি করে সেটি কার্যকর করা। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ঐতিহ্যকে চিহ্নিত করে তার স্বীকৃতি আদায় করা। কেবল ধানের স্বীকৃতি নয়, জামদানি কিংবা ফজলি আমের ঐতিহ্য রক্ষা করার জন্যও আমাদের এই আইনের দরকার রয়েছে।নতুন-পুরোনো সব ধরনের কাস্তেতে শাণ দিয়ে আমাদের তৈরি থাকতে হবে। বাইরে থেকে কখনো নতুন হাইব্রিড ধানের বীজ আসবে কিংবা কখনো লেখার তোড়ে আমাদের ঐতিহ্য থেকে আমাদের উদ্বাস্তু করার চেষ্টা চলবে। আমাদের সতর্ক থাকতে হবে। জ্ঞানে-বিজ্ঞানে, মাঠে-গবেষণাগারে, জার্নালে-ইন্টারনেটে—এই লড়াইতে আমাদের জিততেই হবে। হেই সামালো ধান হো, হেই সামালো...!নেচারের সেই প্রতিবেদন জাপানিদের ২০০৫ সালের পর্যবেক্ষণের পরই বোঝা যাচ্ছিল খাসালতের প্রতি সবার নজর পড়বে। পড়েছেও। কেবল আমাদের ধান গবেষকেরা কেন জানি উদাসীনতা দেখিয়ে গেছেন। অবশেষে গত ২৩ আগস্ট বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হলো সেই কাঙ্ক্ষিত কারণ (http://goo.gl/IDB6m)। জানা গেল খাসালতে রয়েছে ফসফরাস-সহিষ্ণু জিন। এই জিনের নাম পিসটল। ফসফরাস কম থাকলেও এর উপস্থিতি ফলন ঠিক রাখতে পারে। ধানের উৎপাদনে ফসফরাসের অবদান অনেক। আমাদের বেশির ভাগ সার কিন্তু ফসফরাসের জোগানদার। যে বিজ্ঞানীরা এই জিন খুঁজে পেলেন, তাঁরা খাসালতকে বর্ণনা করলেন ‘ভারতীয় বুনো ধান’ হিসেবে। কেন? একটা কারণ হলো আমাদের উদাসীনতা!