হেকমাতির মৃত্যুদণ্ডাদেশে ওয়াশিংটন-তেহরানে উত্তেজনা
সিআইএর পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমির মিরজাই হেকমাতিকে তেহরানের একটি আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে শুরু হয়ে গেছে বাক-যুদ্ধ।ইরানের গণমাধ্যমে গতকাল সোমবার হেকমাতির মৃত্যুদণ্ডাদেশের খবর প্রকাশ করা হয়। তবে এই রায় কখন ঘোষিত হয়েছে, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। ইরানের আইন অনুযায়ী, এই রায় ঘোষণার পর আপিল করার জন্য হেকমাতি মাত্র ২০ দিন সময় পাবেন।ইরানের আধা সরকারি ফার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, একটি শত্রুরাষ্ট্রকে সহযোগিতা, সিআইএর সদস্য হিসেবে কাজ করা ও ইরানকে সন্ত্রাসবাদে জড়িত বলে প্রমাণ করার চেষ্টার অপরাধে আমির মিরজাই হেকমাতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।তেহরানের একটি আদালতে গত বছরের ডিসেম্বরে ২৮ বছর বয়সী আমির মিরজাই হেকমাতির গোপন বিচারের শুনানি অনুষ্ঠিত হয়। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।এদিকে হেকমাতির বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তাঁর মুক্তি দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত হেকমাতির পরিবার দাবি করেছে, তিনি তাঁর দাদিকে দেখতে ইরান সফরে গিয়েছিলেন।তেহরানের সমালোচনা করে হেকমাতির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়কে রাজনৈতিক পদক্ষেপ বলেও অভিহিত করেছে ওয়াশিংটন। একই সঙ্গে হেকমাতিকে আইনগত সহায়তা ও কালবিলম্ব না করে তাঁকে মুক্তি দেওয়ার দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর বলেছেন, ‘এটা যদি সত্যি হয়, এই ধরনের রায়ের ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই এবং ইরান সরকারের কাছে নিন্দা পৌঁছে দিতে আমরা আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করব।’ভিয়েটর অভিযোগ করে বলেন, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগে জোর করে স্বীকারোক্তি আদায় ও রাজনৈতিক কারণে মার্কিনিদের আটকের ক্ষেত্রে ইরান সরকারের মিথ্যা বলার ইতিহাস আছে।’বিশ্লেষকদের মতে, এ ঘটনা দেশ দুটির মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিয়েছে। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র পিজে ক্রাউলি আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, ‘হেকমাতির মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের সব পথ বন্ধ হয়ে যাবে।’