হেগের আদালতে বাগবো
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোর বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কয়েক ঘণ্টার মধ্যে আজ বুধবার তাঁকে আইসিসির কাছে তদন্তের জন্য হাজির করা হয়েছে। বার্তা রয়টার্স এ খবর জানিয়েছে।এর আগে, বুধবার সকালে লরা বাগবোকে বহনকারী একটি বিমান নেদারল্যান্ডসের রটারডাম বিমানবন্দরে অবতরণ করে। আইভরি কোস্টের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় কোরহোগো এলাকা থেকে বাগবোকে একটি হেলিকপ্টারের করে এনে পরে বিমানে তুলে দেওয়া হয়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, বাগবোকে বহনকারী বিমানটি নেদারল্যান্ডসের রটারডাম বিমানবন্দরে অবতরণের পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আইভরি কোস্টে ২০১০-এর নির্বাচন-পরবর্তী ক্ষমতা আঁকড়ে থাকা এ শাসকের কারণে সৃষ্ট চার মাসের রাজনৈতিক সহিংসতায় হত্যা, ধর্ষণসহ অপরাপর মানবতাবিরোধী অপরাধে বাগবোর ভূমিকার পরিপ্রেক্ষিতে আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁর বিরুদ্ধে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। যদিও আইসিসি এখন পর্যন্ত বাগবোর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে মুখ খোলেনি।উল্লেখ্য, ফ্রান্স ও ন্যাটোর সহায়তায় বিরোধী নেতা অ্যালাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী গত ১১ এপ্রিল বাগবোকে আটক করলে দেশটিতে সরকার বিরোধী সহিংসতার অবসান হয়। এরপর থেকে বাগবো আইভরি কোস্টের উত্তরাঞ্চলীয় কোরহোগোতে গৃহবন্দী ছিলেন। আইসিসি ২০১১ সালের অক্টোবর মাস থেকে আইভরি কোস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে।গত বছর আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তত্কালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবো ও বিরোধী নেতা অ্যালাসানে ওয়াত্তারা উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় অ্যালাসানে ওয়াত্তারাকে সমর্থন দেয়। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে চলতি বছরের শুরুর দিকে প্রায় চার মাসব্যাপী সংঘর্ষ হয়। ওই সহিংসতায় তিন হাজারেরও বেশি লোক নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়। এ ছাড়া সে সময় বাগবোর অনুগত বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ ওঠে।২০০২ সালে আনুষ্ঠানিকভাবে আইসিসির কার্যক্রম শুরু হয়। তদন্তের জন্য এই প্রথম অভিযুক্ত কোনো সাবেক রাষ্ট্রপ্রধানকে এ আদালতে হাজির করা হলো।