হেনা কবির স্মরণে
বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠানঘোষক ও সংগীতের পৃষ্ঠপোষক হেনা কবিরের জন্মদিন আজ শনিবার। জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘সেতুবন্ধ’ গতকাল সন্ধ্যায় ছায়ানট রমেশ চন্দ্র শীল মিলনায়তনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।বিশিষ্ট ব্যক্তির স্মরণে এই অনুষ্ঠানে এসেছিলেন তাঁর সহকর্মী, বন্ধু, শিল্পী, গুণীজন ও সুহূদেরা। শুরুতেই তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণা করতে গিয়ে সেতুবন্ধের সভাপতি শিল্পী শাহীন সামাদ বললেন, হেনা কবির মৃত্যুর আগের দিন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে গেছেন। তিনি শিল্পীদের যেমন ভালোবাসতেন, তেমনি খোঁজখবরও নিতেন। সুবিধাবঞ্চিত শিশুদের ভালোবাসতেন তিনি। বিভিন্ন সময়ে তাদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করতেন।আজাদ রহমান বলেন, ‘পাকিস্তান আমল থেকেই তাঁর সঙ্গে কাজ করেছি। উপস্থাপনায় তিনি যেমন গুণী ছিলেন, তেমনি মানুষ হিসেবে তাঁর আন্তরিকতার জুড়ি ছিল না।’ এ ছাড়া স্মৃতিচারণা করেন মার্গুব মোরশেদ, শিল্পী শাকিলা জাফর প্রমুখ।‘গানগুলি মোর আহত পাখির সমান’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী ইয়াসমীন মুশতারী। এরপর শিল্পী নাশিদ কামাল, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফাসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন।