হেনা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
কিশোরী হেনা হত্যা মামলার আসামি সালিসকারী লতিফ মীর মালতকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নড়িয়া থানায় আনা হয়।নড়িয়া থানা পুলিশ জানায়, উপপরিদর্শক কাজী কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হেনা হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকায় অভিযান চালায়। তিন দিন অভিযান চালিয়ে আজ মামলার ১১ নম্বর আসামি সালিসকারী লতিফ মীর মালতকে সিদ্ধেশ্বরী এলাকায় তাঁর আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করেছে। লতিফ মীর মালতকে নিয়ে বেলা দুইটার দিকে পুলিশ নড়িয়া থানায় পৌঁছায়।কাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে। এ মামলার আসামি শিল্পী বেগমকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে মুখ্য বিচারিক হাকিম আদালত। সিআইডি পুলিশ তাদের হেফাজতে নিয়ে শিল্পী বেগমকে গতকাল রোববার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেন জানান, লতিফ মীর মালতকে আজ ঢাকা থেকে গ্রেপ্তার করা হবে। কাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।