হেনা হত্যা মামলার সাত আসামি কারাগারে
হেনা হত্যা মামলার আসামি মসজিদের ইমাম মফিজ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত মফিজ উদ্দিনসহ এ মামলায় গ্রেপ্তার হওয়া সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ সোমবার বিচারিক হাকিম উত্পল ভট্টাচার্য এ আদেশ দেন। আদালত আগামী ২৯ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।অন্য আসামিরা হলেন—মাহাবুব খাঁ, ইউপি সদস্য ইদ্রিস শেখ, শিল্পী বেগম, লতিফ মীর মালত, আলাবক্স করাতী ও জয়নাল মীর মালত।জানা যায়, হেনা হত্যা মামলার এজাহার নথিভুক্তকারী পরিদর্শক মীর্জা এ কে আজাদ ও তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্যার ভূমিকা নিয়ে তদন্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবরে চিঠি এসেছে। বিষয়টি তদন্তের জন্য আজ দুজন সহকারী পুলিশ সুপার ও একজন পরিদর্শকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সাত আসামিকে আজ সকাল ১০টায় আদালতে আনা হয়। দুপুর ১২টার দিকে তাঁদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি মফিজ উদ্দিনের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী রওশন আরা বেগম আসামিদের জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন। হেনা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। গ্রেপ্তার হওয়া সাতজন আসামির মধ্যে সিআইডি তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।শরীয়তপুরের নড়িয়ার চামটা গ্রামের হেনা গত ২৩ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গ্রামের এক সালিসে ফতোয়া জারি করে হেনাকে দোররা মারা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। ৩১ জানুয়ারি রাতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেনা মারা যায়।