শরীয়তপুরে হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান ও প্রধান সালিসকারী ইদ্রিস শেখ আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা ধর্ষণ ও দোররা মেরে হেনাকে হত্যার কথা স্বীকার করে জানিয়েছেন, সাড়ে তিন লাখ টাকায় ঘটনা আপস করার চেষ্টা করা হয়।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য মাহাবুবকে গত বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ইদ্রিস শেখকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় গত শনিবার। দুজনের জবানবন্দি নথিভুক্ত করার জন্য আজ বেলা ১১টার দিকে তাঁদের শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর বিচারিক হাকিম অশোক কুমার দত্ত মাহাবুবের এবং বিচারিক হাকিম আবদুল মান্নান ইদ্রিস শেখের জবানবন্দি নথিভুক্ত করেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। সিআইডি পরিদর্শক মনিরুজ্জামান বলেন, দুই আসামি হেনা হত্যাকাণ্ড ও ধর্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি কাল মঙ্গলবার প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।