হেনা হত্যার বিচার চাইল শরীয়তপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে দোররার আঘাতে কিশোরী হেনা হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ বেশির ভাগ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি হেনার ধর্ষক মাহাবুব, দোররা মারার রায় দেওয়া সাত সালিসকারীর ছয়জনসহ ১৪ আসামিকে।এদিকে ধর্ষক মাহাবুব ও ফতোয়াবাজদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে শরীয়তপুরের মানুষ। দাবি আদায়ে জেলার বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের (নড়িয়া-ভেদরগঞ্জ উপজেলার একাংশ) সাংসদ কর্নেল (অব.) শওকত আলী গতকাল দুপুরে হেনাদের বাড়িতে যান। তিনি হেনার দরিদ্র বাবা দরবেশ খাঁর হাতে ১০ হাজার টাকা তুলে দেন।গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় বেসরকারি সংগঠন নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) উদ্যোগে নড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। এতে যোগ দেন নড়িয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং নড়িয়া বণিক সমিতির লোকজন। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল ও উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নিহত হেনার বিদ্যালয় পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। এতে অংশ নেয় ত্রিপল্লী, ভড্ডা, চামটা ও পঞ্চপল্লী গ্রামের শত শত সাধারণ মানুষ। খবর পেয়ে ছুটে যান বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখা, আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে প্রচারাভিযান, সুজন ও বেসরকারি সংস্থা এসডিএসের কর্মীরা। উপস্থিত হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তারা ধর্ষক মাহাবুবের ফাঁসি দাবি করে এবং দোররার রায় দেওয়া ফতোয়াবাজ ও বাস্তবায়নকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানায়।বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর শাখার সভাপতি রওশন আরা বেগম বলেন, ‘আমরা মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরিবারটির অর্থনৈতিক দীনতা কাটাতে সবার সহযোগিতা প্রয়োজন।’পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাচিন খান বলেন, ‘হেনা এ বিদ্যালয়ের ছাত্রী ছিল। দরিদ্রতার কারণে দুই বছর আগে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। তার সঙ্গে যারা এমন বর্বর আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’হেনা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ডেপুটি স্পিকার শওকত আলী গতকাল হেনার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হেনার অমানবিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পরিবারটিকে সব ধরনের সহযোগিতা আমি করব। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’এ সময় জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন, পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।হেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, হেনা হত্যা মামলায় গ্রেপ্তার শিল্পী বেগমের তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, ফতোয়াবাজদের দোররার আঘাতে গত ৩১ জানুয়ারি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধর্ষণের শিকার কিশোরী হেনার মৃত্যু হয়। এ ঘটনায় হেনার বাবা ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। পুলিশ শুধু ঘটনার পরপর মামলার আসামি ও ফতোয়া দেওয়া ইমাম মফিজ উদ্দিন, ধর্ষক মাহাবুবের স্ত্রী শিল্পী বেগম, সালিসে উপস্থিত জয়নাল মীরমালত ও আলাবক্স করাতিকে গ্রেপ্তার করে।