হেনা হত্যার ময়নাতদন্তে অসংগতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী হেনার মৃতদেহের দুটি ময়নাতদন্তে অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হাইকোর্ট স্বাস্থ্যসচিবকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও পেশাগত অসদাচরণ রয়েছে কি না, তা ওই কমিটিকে খতিয়ে দেখতে বলা হয়ছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন। আদালত গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সালিস বৈঠকে নেতৃত্ব দেওয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস ফকির আজ আদালতে হাজির হন। পরে তাঁকে আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হয়।নড়িয়া থানার পরিদর্শক এ কে আজাদ ও উপপরিদর্শক আসলাম উদ্দিন ওই ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন কি না এবং করলে ব্যবস্থা নিয়ে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হেনাকে দোররা মারার ঘটনায় নতুন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে আদালত শরীয়তপুরের এসপি ও নড়িয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হয়।আদালত পুলিশের মহাপরিদর্শককে এ ধরনের ঘটনা তদারকি করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আদালত ফতোয়া দেওয়া শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়ে প্রচার চালাতে তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।হেনার বাবা দরবেশ খাঁ ও মা মিনু বেগম আজ আদালতে হাজির হন। আদালত তাঁদের বক্তব্য শোনেন। উল্লেখ্য, নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসের দেওয়া ফতোয়ার নির্যাতনের শিকার হেনা আক্তার গত ৩১ জানুয়ারি মারা যায়। হাইকোর্ট ৭ ফেব্রুয়ারি হেনা আক্তারের লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন। আগের ময়নাতদন্ত প্রতিবেদন ও নতুন ময়নাতদন্তে অসংগতি রয়েছে বলে আদালত মন্তব্য করেছেন। নতুন ময়নাতদন্তে হেনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।