হেনাকে দোররা মারার ঘটনায় নতুন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিহত কিশোরী হেনা আক্তারের (১৪) ঘটনায় যাঁরা ফতোয়া দিয়েছেন ও দোররা মেরেছেন, তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিলে আজ শুক্রবার নড়িয়া থানার পুলিশ মামলাটি নথিভুক্ত করে।এজাহারে কিশোরী হেনাকে ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টা এবং ফতোয়া দিয়ে দোররা মেরে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগে করা হত্যা মামলার এজাহারে ধর্ষণের অভিযোগ এড়িয়ে যাওয়া হয়।প্রসঙ্গত, কিশোরী হেনাকে ধর্ষণের পরের দিন ৭০-৮০টি দোররা মারা হয়। অসুস্থ অবস্থায় গত ৩১ জানুয়ারি হেনার মৃত্যু হয়। এ ঘটনায় হেনার দরিদ্র বাবা দরবেশ খাঁ পরদিন রাতে ১৮ জনকে আসামি করে নড়িয়া থানায় হত্যা মামলা করেন। এ নিয়ে ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালতের নজরে আনেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। এরই পরিপ্রেক্ষিতে হেনার মৃত্যুর ঘটনা এবং তা প্রতিরোধে এর আগে দেওয়া রায়ের আলোকে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল, তা জানতে চেয়ে ২ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।পরে হেনার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ৭ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে। এটা নজরে এলে হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে হেনার লাশের পুনরায় ময়নাতদন্তের আদেশ দেন। ওই দিন রাতেই হেনার লাশ তুলে ঢাকায় আনা হয় এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হেনার লাশের ময়নাতদন্ত করা হয়। পুনর্ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, হেনার শরীরে ১৬টি স্থানে নীল ফোলা জখম পাওয়া গেছে। এসব জখমস্থলে জীবাণু সংক্রমণ হয় এবং তাতেই কিশোরী হেনার মৃত্যু হয়। তাই হেনার মৃত্যু ‘হত্যাজনিত’। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। আগের ময়নাতদন্ত প্রতিবেদনে হেনার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে প্রতিবেদন দিয়েছিল সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয় চিকিত্সক দল। পত্রিকায় এ খবর প্রকাশের পর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে লাশের পুনর্ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।গত বৃহস্পতিবার আদালত হেনার মরদেহের দুটি ময়নাতদন্ত প্রতিবেদনের অমিল খতিয়ে দেখার নির্দেশ দেন এবং হেনার ঘটনায় যাঁরা ফতোয়া দিয়েছেন ও দোররা মেরেছেন, তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের এবং মামলার অন্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সেই সঙ্গে হেনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী নড়িয়ার উপপরিদর্শক আসলাম উদ্দিন ও এজাহার নথিভুক্তকারী পরিদর্শক (তদন্ত) মির্জা এ কে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ নতুন আরেকটি মামলা নিল নড়িয়া থানার পুলিশ।নড়িয়া থানার পুলিশ সূত্র জানায়, নতুন এজাহার দায়ের করতে হেনার মা-বাবা আজ দুপুর ১২টার দিকে নড়িয়া থানায় যান। সঙ্গে ছিলেন হেনার মামাতো ভাই রিয়াদ হোসেন ও খালাতো বোনের স্বামী চুন্নু মাঝি। জুমার নামাজের পর দুপুর দুইটার দিকে মামলার এজাহার লেখা শুরু হয়। হেনার বাবা ও মায়ের কথা শুনে এজাহারের খসড়া লেখেন স্থানীয় এক আইনজীবী। সন্ধ্যা ছয়টার দিকে লেখা শেষ হলে তা হেনার বাবা ও মাকে পড়ে শোনানো হয়। পরে ওই কপি থেকে আবার এজাহার লেখেন রিয়াদ হোসেন। বাদী হন হেনার মা আকলিমা বেগম। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামলাটি নথিভুক্ত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির। এজাহারটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।ওসি আবুল খায়ের ফকির প্রথম আলোকে জানান, উচ্চ আদালতের নির্দেশে হেনা হত্যার বিষয়ে আরেকটি এজাহার গ্রহণ করা হয়েছে। এই এজাহারে ফতোয়াবাজদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং হেনাকে ধর্ষণ, ধর্ষণ আড়াল করার চেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। আগের মামলায় অভিযুক্ত ১৮ জন আসামিকেই নতুন মামলায় আসামি করা হয়েছে।প্রধান ফতোয়াবাজ ইদ্রিস জেলহাজতে: গতকাল হাইকোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হেনাকে দোররার রায় দেওয়া প্রধান ফতোয়াবাজ ও নড়িয়ার চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস শেখকে গ্রেপ্তার করে নড়িয়া থানার পুলিশ। আজ বেলা ১১টায় ইদ্রিস শেখকে নড়িয়া থানায় আনা হয়। বিকেলে সিআইডির পুলিশ তাঁকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত কাল শনিবার সকাল ১০টায় রিমান্ড শুনানির সময় ধার্য করে ইদ্রিসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব খান রিমান্ডের দ্বিতীয় দিনেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।